মাদারীপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহজালাল হাওলাদারের ওপর এবার বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুরহাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনার প্রতিবাদে শাহজালালের সমর্থকরা রাত ১০টার দিকে ভূরঘাটা বাসস্ট্যান্ডের সামনে একঘণ্টা সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
২৭ মে রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে শাহজালাল ও তার সমর্থক রেজাউলের ওপর বোমা হামলা চালায় মুখোশধারী দুর্বৃত্তরা।
মাদারীপুর হাসপাতালে আহত শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ধজি গ্রামে নির্বাচনী প্রচারণা শেষে গোপালপুর হাটে আসলে তার মোবাইলে একটি ফোন আসে। ফোনে কথা বলতে বলতে তিনি গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালের পাশে দাঁড়ালে অপর পাশ থেকে তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা।
কালকিনি থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল বলেন, "প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইন্ধনে একের পর এক তার (শাহজালাল) ওপরে হামলা চালানো হচ্ছে বলে আমরা সন্দেহ করছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৫৩ ঘ.
bdnews24