কুমিল্লা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর পৌনে ৬ টার দিকে চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামে জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন শাখার সেক্রেটারি ও সাবেক ছাত্রশিবির নেতা নজরুল ইসলাম মামুনের (২৮) বাড়িতে অভিযান চালিয়ে র্যাব এসব অস্ত্র উদ্ধার করে। মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি কাটা রাইফেল, ছয়টি পাইপগান ও একটি শাটার গান।
এ ছাড়া শটগানের ৫ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিলো বলে র্যাব প্রাথমিকভাবে ধারণা করছে।
শুক্রবার দুপুরে কুমিল্লা র্যাব-১১ কার্যালয়ে র্যাবের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়।
সংবাদ সম্মলনে র্যাব কর্মকর্তা মেজর মো. এরশাদুল হক জানান, ঢাকা র্যাব-২ সদস্যরা ভোর পৌনে ৬টার দিকে ডেকরা গ্রামে মামুনের বাসায় অভিযান চালায়। অস্ত্র ও গুলি ছাড়াও সেখান থেকে বেশ কিছু জেহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মামুনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৪৪ ঘ.
bdnews24