ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের তারিখ চতুর্দশবারের মতো পেছালো।
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের মূল বিচারক না থাকায় বৃহস্পতিবার ভারপ্রাপ্ত বিচারক জেসমিন আনোয়ার আগামী ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের নতুন তারিখ ঠিক করেন।
দুপুরে কারাগার থেকে বাবরকে আদালতে হাজির করা হয়।
মামলার নথিপত্রে দেখা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের কোম্পানিজ সার্কেল ৯ ,কর অঞ্চল-৩ এর উপ কর কমিশনার সৈয়দ জাকির হোসেন গত ১৪ ফেব্র"য়ারি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার আর্জিতে বলা হয়, গত ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত মাষ্টার ইলেকট্রনিক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসাবে বাবর আয়কর বিবরণীতে ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১২২ টাকার সম্পদের তথ্য গোপন করে ওই পরিমাণ টাকার ওপর প্রযোজ্য আয়কর ফাঁকি দিয়েছেন।
মামলায় বাদিপক্ষে ৯ জন সাক্ষী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭৫৪ ঘ.
bdnews24