বরিশাল, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী সহিংসতা ও পুলিশের রাইফেল ছিনতাইয়ের ঘটনায় ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার ভোর রাতে এলাকা ছেড়ে পালানোর সময় সাকুচিয়ার কাতার খাল সংলগ্ন মেঘনা নদীতে নৌকাডুবে চারজন নিখোঁজ রয়েছে।
মনপুরার স্থানীয় সংবাদকর্মী শহীদুল ইসলাম শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সাকুচিয়া ইউনিয়নে নির্বাচনে ৩নং ওয়ার্ডে ভোটের ফলাফল ঘোষণার পর দুই সদস্য প্রার্থী নুরুল ইসলাম ও শাহাবুদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে তারা পুলিশের চারটি অস্ত্র ছিনিয়ে নেয়।
শহীদ জানান, হামলা ও অস্ত্র লুটের ঘটনায় পুলিশ সোমবার একটি মামলা দায়ের করে। গ্রেপ্তার আতঙ্কে ওইদিনই এলাকা ছাড়তে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
সোমবার রাতে নারী ও শিশুসহ ১০ জন একটি নৌকা নিয়ে উত্তর সাকুতিয়া থেকে পালিয়ে কোলাকোলির চরে যাওয়ার সময় মেঘনায় নৌকা ডুবে শিশুসহ ৪ জন নিখোঁজ হয়।
ওই নৌকার আরোহী নুরুউদ্দিন মিয়ার উদ্ধৃতি দিয়ে শহীদ জানান, নৌকাটি মাছ ধরা জালে জড়িয়ে উল্টে যায়।
নৌকার ৬ পুরুষ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও আমেনা (২৫), রোকেয়া বেগম (৪০), দীপক (৮) এবং হাসান (২) নামের চারজন নিখোঁজ হয়।
সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ওই চারজনকে খোঁজা হচ্ছে।
ভোলার পুলিশ সুপার মো. বশির আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি নৌকাডুবির ঘটনা শুনেছেন, তবে যাত্রীরা কি কারণে নদী পার হচ্ছিলেন তা তিনি জানেন না।
পুলিশ জানায়, ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচনী সহিংসতা থামাতে পুলিশ ১৬০ রাউন্ড, আনসার ৭ রাউন্ড আর কোস্টগার্ড ৩৬ রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষে মনপুরা থানার ওসি ও পুলিশসহ তিন পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।
মনপুরা থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. রফিক জানান, ছিনতাই হওয়া চারটি অস্ত্রের মধ্যে তিনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে।
মনপুরা থানার ওসি মো. খায়রুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট কেন্দ্রে থাকা উপ পরিদর্শক (এসআই) মো. অলিউল্ল্যাহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলায় সদস্য পদের দুই প্রার্থী নুরুল ইসলাম ও শাহাবুদ্দিন সহ ১০ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ৪শ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
উত্তর সাকুচিয়া গ্রামের বাসিন্দা ঢাকার একটি ব্যাংকের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, "ভোট দিতে এসেছিলাম। এখন পুলিশের গ্রেপ্তারের ভয়ে বনে জঙ্গলে রাত কাটাচ্ছি। একদিকে গ্রেপ্তারের আতঙ্ক অন্যদিকে চাকরি হারানোর ভয়। কি করব সিদ্ধান্ত নিতে পারছি না।"
বরিশাল বিএম কলেজের ছাত্র মো. সুমন জানান, পুলিশের ভয়ে পুরুষরা গ্রামে থাকছেন না। যে যেভাবে পারছেন পালিয়ে বেড়াচ্ছেন।
এসআই রফিক জানান, ৬০ জন পুলিশ সদস্য কয়েকটি দলে ভাগ হয়ে অস্ত্রের সন্ধানে গ্রামে অভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৯১৪ ঘ.
bdnews24