২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আগামী নির্বাচনে ই-ভোটিং'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ই-ভোটিং হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ই-ভোটিং হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া অন্য সব দেশে ইলেক্ট্রনিক ভোটিং (ই-ভোটিং) ব্যবস্থা চালু রয়েছে- এ কথা উল্লেখ করে হাসিনা বলেছেন, বাংলাদেশেও ই-ভোটিং চালু হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। সংবিধান সংশোধন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করে শেখ হাসিনা বলেন, "জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতা দেবে।" ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধীনার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতে 'ডিজিটাল কারচুপির' অংশ হিসেবে ই-ভোটিং চালু করতে চাইছে আওয়ামী লীগ। ই-ভোটিংসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে দেশের নিবন্ধিত ৩৮ রাজনৈতিক দলের সঙ্গে মঙ্গলবার থেকে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনের সংলাপে কর্নেল অলী আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) শর্তসাপেক্ষে এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) সরাসরি ই-ভোটিংয়ের প্রতি সমর্থন দিয়েছে। জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মাহাবুব-উল-আলম হানিফ, এমএ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাবিবুর রহমান সিরাজ, আশরাফুন্নেসা মোশাররফ, নাজমা আক্তার ও অপু উকিল। 'আবার হয়তো জেলেও দিতে পারে' সভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাসিনা বলেন, আপনি কি তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে গেছেন? আর একবার ক্ষমতায় এসে বসলে আর সরাতে পারবেন না। "আবার হয়তো জেলেও দিতে পারে।" বাংলাদেশে ২০০৭ সালে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক সমর্থনপুষ্ট তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ওই সময় দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রধান খালেদা জিয়া ও শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, "বিরোধীদলীয় নেতাকে আমি জিজ্ঞাসা করি- তিনি তত্ত্বাবধায়ক সরকারের জন্য কাঁদছেন। ইয়াজউদ্দিন [আহম্মেদ], ফখরুদ্দীন [আহমেদ] আর মইনুদ্দীন [মইন উ আহমেদ] তো আপনার লোক ছিলেন। তারা কী করলেন? কিছু লোক তাকে [খালেদা জিয়াকে] দিয়ে হরতাল করাচ্ছেন- এ মন্তব্য করে হাসিনা বলেন, এর ভবিষ্যত কী ভেবে দেখতে হবে। আওয়ামী লীগ মানুষের 'সেন্টিমেন্টের' দাম দেয় উল্লেখ করে হাসিনা বলেন, "আমরা সংবিধান থেকে বিসমিল্লাহ আর রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিচ্ছি না। আমরা সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করতে চাই।" সুশীল সমাজকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সামনে যারা দাঁড়াতে পারে না কিন্তু মিডিয়ার সামনে বড় কথা বলে তাদের ক্ষমতার লোভের কাছে আমরা কখনো আত্মসমপর্ণ করবো না। ' যা চেয়েছিলাম তা হয়নি' সর্বোচ্চ আদালতের রায়ের আগ পর্যন্ত সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমরাও চেয়েছিলাম। পর পর তিনটা তত্ত্বাবধায়ক সরকার তো দেখলাম। যা চেয়েছিলাম, তা হয়নি। "আদালত যা অবৈধ ঘোয়ণা করে রায় দিয়েছে তা তো আমরা গ্রহণ করতে পারি না।" তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "সব রাজনীতিবিদ খারাপ। কিছু উঁচু দরের লোক দেশ পরিচালনা করবে। আমরা প্রশ্ন ওই দু'বছরে দেশ কী পেয়েছে। "দেশ সামনের দিকে এগুলো না। দেশ পেছনের দিকে চলতে থাকলো।" আওয়ামী লীগ এক সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও এখন আদালতের রায় মেনে নিচ্ছে- তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা একসময় জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম। "রাতের আঁধারে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী করা হলো। এই সংশোধনীতে যে ত্র"টি ছিলো- তা হাবিবুর রহমানের সময় ধরা পড়লো।" বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের সময় তৎকালীন সেনা প্রধানের ক্যু', বিচারপতি লতিফুর রহমান শপথ নিয়েই ১৩ জন সচিবকে চাকরিচ্যুতি এবং শেষবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা এবং পরবর্তীতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়গুলো উল্লেখ করেন আওয়ামী লীগ সভানেত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১১৯ ঘ.