২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার কেউ না এলেও সিদ্ধান্ত সংসদে: আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই হবে এবং তা বিরোধী দল না গেলেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই হবে এবং তা বিরোধী দল না গেলেও। ঐতিহাসিক ছয় দফা দিবসে মঙ্গলবার বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আলোচনার জন্য বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বানও জানান আশরাফ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পক্ষে অবস্থান নিলেও প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দল চাইলে সংসদে এ বিষয়ে বিকল্প প্রস্তাব উত্থাপন করতে পারে। তবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ বর্জন করে আসা বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবারই বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি না রাখার পক্ষে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী আলোচনার পথ বন্ধ করেছেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে ৫ জুন হরতালও করে বিএনপি। স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ ধ্বংসাত্মক কর্মসূচি বাদ দিয়ে বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, "বিরোধী দল দাবি আদায়ের নামে যা করছে, তা গণতন্ত্র ও সংবিধানের প্রতি হুমকি সৃষ্টি করছে কেউ সংসদে আসুক, আর না আসুক- সংসদেই সব সমস্যার সমাধান করা হবে। সংবিধান থাকবে ও নির্বাচন হবে।" "বিএনপির জন্ম গণতান্ত্রিকভাবে হয়নি বলেই তারা সংসদ ও গণতন্ত্রকে ধ্বংস করতে চাচ্ছে। ওই দলের প্রধানের একটাই লক্ষ্য- যেভাবেই হোক ক্ষমতায় যাওয়া", বলেন তিনি। ছয় দফা দিবসে সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সরকার প্রধান হিসাবে এবং পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪২০ ঘ.