২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ১০ পুলিশ, তিন জেলায় ২৬ আহত

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের হামলায় দুই উপ-পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের হামলায় দুই উপ-পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। নাটোর, টাঙ্গাইল ও জামালপুরে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয় অন্তত ২৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান: কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের হামলায় দুই উপ-পরিদর্শকসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার দুপুরে বনগ্রাম ইউপি কার্যালয় এলাকায় এ হামলা হয়। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কটিয়াদি থানার ওসি ফরিদ আহমেদ বলেন, শনিবার অনুষ্ঠিত বনগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমীর উদ্দিনকে পরাজিত করে হাবীবুর রহমান বিজয়ী হন। রেববার দুপুরে আমীর উদ্দিনের সমর্থকরা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে বনগ্রাম বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ইউপি কার্যালয় ঘেড়াও করলে কটিয়াদি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা পৌঁছার পরই মিছিলকারীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের উপর হামলা চালায়। আহতদের মধ্য উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, আরব আলী, কনস্টেবল কবীর আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আইনুল, পলাশ, কবীর, নায়েক আজহার ও গাড়ি চালক আনোয়ারসহ আরো দুই কনস্টেবল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তপন কুমার দত্ত জানান, ভর্তিকৃতদের অবস্থা আশঙ্কামুক্ত। নাটোর: লালপুর উপজেলার গোপালপুর বাজারে রোববার জয়ী ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, লালপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান ও গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। সদ্য সমাপ্ত এবি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এ দু'জনের পক্ষে দুই চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে এ দুই প্রার্থীর বিরোধের জেরে দুপুরে গোপালপুর রেল স্টেশন সংলগ্ন একটি হোটেলে নির্বাচিত চেয়ারম্যান আবেদ আলী (ফজলুর রহমান সমর্থিত) ও পরাজিত প্রার্থী মতিউর রহমানের (মঞ্জুরুল ইসলাম সমর্থিত) সমর্থকদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষ লাঠি, লোহার রড, হাতুড়ি ব্যবহার করে। ইটপাটকেল নিক্ষেপ করে। পরে র‌্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রয়েছেন- পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৩), মহিষাখোলা গ্রামের আব্দুল আওয়াল (৩০), বিভাগ গ্রামের রমজান আলী (৪২), বরমহাটি গ্রমের সেন্টু ফকির (৩৩), মধুবাড়ি গ্রামের জিয়া (২৮) ও ভুইয়াপাড়া গ্রামের নাহারুল (৩০)। বাকিদের নাম জানা যায়নি। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কুদ্দুস ও তপন নামের দুই যুবককে গোপালপুর ঠাকুরবাড়ি থেকে আটক করা হয়েছে। টাঙ্গাইল: ভুঞাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্যপদে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১১জন আহত হয়েছে বলে দু'পক্ষ দাবি করছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। রোববার সকালে বঙ্গবন্ধু সেতু-গোবিন্দাসী সড়কের পাথাইলকান্দি বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। পরে ভুঞাপুর, বঙ্গবন্ধু সেতু (পূর্ব)ও টাঙ্গাইল পুলিশ লাইন থেকে পুলিশ এসে দু'ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ভুঞাপুরের নিকরাইল ইউনিয়নে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে একটি ওয়ার্ডে সদস্য পদে মো. আসলাম তালুকদার বিজয়ী হন। তার বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হন রুহুল আমীন প্রামানিক। রুহুল আমীন প্রামানিক অভিযোগ করেন, বেলা ১১টার দিকে পাথাইলকান্দি বাজারের কাছে আসলাম তালুকদার ও তার সমর্থকরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়, ইটপাটকেল নিক্ষপ করে। এতে তিনিসহ তার সমর্থক বল্লভবাড়ির ইউসুফ আকন্দ (৩২), আর পলসিয়ার ফরিদুল ইসলাম আকন্দ (২৭) ও চরপাথাইলকান্দির শহীদুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম ও আমীর হোসেন আহত হন। এদিকে বিজয়ী আসলাম তালুকদার জানান, রুহুল আমীন প্রামানিক ও তার সমর্থকরাই তার সমর্থকদের ওপর হামলা করেছে। এতে তিনিসহ চরপাথাইলকান্দির আবদুর রাজ্জাক তালুকদার (৩৫), মামুন তালুকদার (৩০), পাথাইলকান্দির মামুন (২৮) ও বল্লভবাড়ির শরিফ তালুকদার (৩০) আহত হয়েছন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মামুন তালুকদার নামের একজনকে এখানে পাঠানো হয়েছে। এখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুঞাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বারেক তালুকদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রুহুল আমীন প্রামানিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। জামালপুর: সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে রোববার নির্বাচনী সহিংসতায় অন্তত পাঁচজন আহত হয়েছে। এছাড়া বাড়িবাড়ি, মোটরসাইকেল ভাংচুর ও লুটপাট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন জানান, সকালে ইউনিয়নের খড়খড়িয়া এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারুক আধাম ও আশরাফ হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ফারুক সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস টুলুর বাড়িতে হামলাসহ ১০/১২টি টিনের ঘর, ফারুকের একটি মোটরসাইকেল ভাংচুর করে হামলাকারীরা। পরে সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.