২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সংবাদ সম্মেলন বিকালে

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে সরকারের অবস্থানের বিপরীতে বিএনপির অবস্থান তুলে ধরতে শনিবার বিকালে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 04:16 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে সরকারের অবস্থানের বিপরীতে বিএনপির অবস্থান তুলে ধরতে শনিবার বিকালে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া। বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিকল্প প্রস্তাব থাকলে তা সংসদে এসে তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের পরদিনই বিরোধীদলীয় নেতার এ সংবাদ সম্মেলন হচ্ছে। মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে সরকারের সিদ্ধান্ত এবং উদ্ভূত পরিস্থিতি বিরোধীদলীয় নেতা ব্যাখ্যা করবেন।" সরকারি দল আওয়ামী লীগ ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে। তারা বলছে, আদালতের রায় মেনেই তাদের সংবিধানে এ সংশোধন করতে হচ্ছে। অন্যদিকে বিএনপি এর বিরোধিতা করে বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে নির্বাচনে যাবে না তারা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিএনপি রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালও ডেকেছে। একই দিন হরতাল ডেকেছে তাদের জোটশরিক জামায়াতে ইসলামীও। এদিকে আগামী ৮ জুন বিকাল ৪টায় রূপসী বাংলায় বাজেট নিয়ে বিরোধী দলের প্রস্তাব উপস্থাপন করবেন খালেদা। অর্থনীতিবিদ, ব্যবসায়ী, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ পেশাজীবীদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। আগামী ৯ জুন সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। বিএনপি চলতি বাজেট অধিবেশনে এখনো যোগ দেয়নি। বিরোধীদলীয় নেতা গত বছরও সংসদে না গিয়ে এভাবেই বাজেট নিয়ে বিএনপির প্রস্তাব তুলে ধরেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০১০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর