২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য নয়: হুদা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতের রায় এবং সরকারের অবস্থান প্রসঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, সংসদ সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতের রায় এবং সরকারের অবস্থান প্রসঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, সংসদ সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য নয়। শুক্রবার বিকালে রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার হুদা বলেন, "সংবিধানের ১১১ ধারা মতে, আপিল ডিভিশনের রায় মানতে হাইকোর্ট বাধ্য, সংসদ নয়। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অধীন ও কর্তৃত্বাধীন একটি অর্নির্বাচিত প্রতিষ্ঠান। আর জাতীয় সংসদ সকল ক্ষমতার মালিক জনগনের নির্বাচিত প্রতিষ্ঠান। সংসদ পারে একটি সংবিধান রচনা করতে, সংশোধন করতে ও বাতিল করতে। সুপ্রিম কোর্টকে এই ক্ষমতা দেওয়া হয়নি।" বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা 'বিবদমান সাংবিধানিক সঙ্কট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার ভাবনা' শীর্ষক ওই গোলটেবিল বৈঠক আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ড. মিজানুর রহমান শেলী। নাজমুল হদা বলেন, "বর্তমান প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন সুষ্ঠু করতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।" বিএনপি-আওয়ামী লীগের রাজনৈতিক দ্বন্দ্বে এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশ সঙ্কটের দিকে যাচ্ছে বলেও মনে করেন এই আইনজীবী। এ থেকে উত্তরণে গণপরিষদ গঠনের বিষয়ে আবারো গুরুত্ব আরোপ করেন তিনি। ব্যারিস্টার হুদা বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী, সরকার দলীয় চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও তার দলের চিফ হুইপের নেতৃত্বে গণপরিষদ গঠনের দাবি জানিয়ে আসছেন। ব্যারিস্টার রফিকুল হক আলোচনায় অংশ নিয়ে বলেন, তত্ত্ববধায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এ ব্যবস্থা ছাড়া অন্যান্য দল নির্বাচনে যাবে না। তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। সাংবাদিক আতউস সামাদ বলেন, এবারের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে তা বিশ্বাসযোগ্য হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/জেকে/২১৩৮ ঘ.