২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তত্ত্বাবধায়ক ব্যবস্থার কারণেই এক-এগারো হয়েছিল'

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণেই দেশে এক-এগারোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের উচিৎ সংসদে এসে এ ব্যবস্থা নিয়ে কথা বলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণেই দেশে এক-এগারোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭ সালের ওই সময়ে রাজনৈতিক সরকার থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে কোনো 'ফর্মুলা' থাকলে সংসদে এসে তা বলার জন্য প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে দলের সভানেত্রী শেখ হাসিনা এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল সাড়ে ৪টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে শেখ হাসিনা বলেন, সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার ত্র"টিগুলো সংশোধন করে একে আরো শক্তিশালী করার জন্য। কিন্তু সর্বোচ্চ আদালত এ ব্যবস্থাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে। এখানে সরকারের করার কিছু নেই। দেশে রাজনৈতিক সরকার থাকলে ২০০৭ সালের ১১ জানুয়ারির মতো রাজনৈতিক সংকট দেখা দিতো না দাবি করে শেখ হাসিনা বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির কারণেই এক-এগারো হয়েছিল।" ২০০৬ সালে চার দলীয় জোট সরকারের মেয়াদ শেষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ-সহিংসতা। এই পরিস্থিতিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়। ওই সরকারের দুই বছরে দেশের দুই প্রধান দলের নেত্রীসহ বিপুল সংখ্যক রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেন, আমরা বার বার বাঘের কাছে ছাগল পাহারা দিতে পারি না। অনেকে আছেন, যারা লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার জন্য গোঁফে তা দিচ্ছেন।" 'ফর্মুলা থাকলে সংসদে আসুন' এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতের রায় উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা সম্ভব নয়। তার ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি বলেছে, তত্ত্বাবধায়কের অধীনে না হলে আগামী নির্বাচনে যাবে না তারা। এই ব্যবস্থা বহাল রাখার দাবিতে রোববার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এ প্রসঙ্গে শেখ হাসিনা কার্যনির্বাহী সংসদের বৈঠকে বলেন, "আপনাদের (বিএনপি) কোনো ফর্মুলা থাকলে সংসদে এসে তা বলুন। আমরা কোনো অনড় অবস্থানে নেই।" হরতাল করে 'অশান্তি' না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানন তিনি। আগামী নির্বাচনেই ইলকট্রনিক ভোটিং চালু করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে কোনো কারচুপির সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন শক্তিশালী হয়ে স্বাধীনভাবে কাজ করুক- বিএনপি তা চায় না বলেই এর বিরোধিতা করছে বলে মন্তব্য করেন হাসিনা। ১৯৯১ সালের নির্বাচনের আগে তিন জোটের রূপরেখায় পর পর তিনবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, "কিন্তু বিএনপি সে কথা রাখেনি।" তিনি বলেন, "২০০১ এর পরে যেসব উপ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল, তার সঙ্গে বর্তমান সরকারের আমলে হওয়া নির্বাচনগুলোর তুলনা করলেই বোঝা যাবে, কোন সময়ে নির্বাচন বেশি নিরপেক্ষ হয়েছে।" 'ত্র"টি ছিল' ত্রয়োদশ সংশোধনী বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "আদালত দুটি পর্যবেক্ষণ দিয়েছে। এগুলো ম্যান্ডেটরি নয়। আদালত পরিষ্কারভাবে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছে।" ত্রয়োদশ সংশোধনীতে অনেক ত্র"টি-বিচ্যুতি ছিলো এবং অবৈধভাবে ক্ষমতা দখলের সুযোগ রেখে দেওয়া হয়েছিলো বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ প্রধান। এ প্রসঙ্গে বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের সময় তৎকালীন সেনা প্রধানের 'ক্যু', বিচারপতি লতিফুর রহমানের সময় ১৩ জন সচিবকে চাকরিচ্যুত করার ঘটনা এবং শেষবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার বিষয়গুলো উল্লেখ করেন হাসিনা। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর ক্ষমতায় থাকার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমাদের দেশে কিছু সংবিধান বিশেষজ্ঞ আছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় সংবিধানপ্রণেতা বলে একজন কুবুদ্ধি দিলেন, সংবিধানের বিকৃত ব্যাখ্যা দিলেন। তিনি বললেন- ৯০ দিনের প্রথা না মানলেও চলবে।" বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা 'আদায়' করা হয়েছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "কিছু টাকা ট্রেজারিতে গেলো, তা ফেরত পাওয়া যাবে না। আর কিছু টাকা কোথায় গেলো- তার কোনো হদিস নেই। পরবর্তীতে বিডিআর বিদ্রোহের ঘটনাকে ইংগিত করে শেখ হাসিনা বলেন, "বিডিআরের ডাল-ভাত কর্মসূচি থেকে দুঃখজনক ঘটনা ঘটলো। যার খেসারত দিলে হলো জাতিকে।" 'রায় মেনেই আলোচনায় আসতে হবে' বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিএনপি চাইলে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা করতে পারে। তবে আদালতের রায় মেনে নিয়েই তা করতে হবে। "আদালতের রায়ের আলোকেই সংবিধান সংশোধনের জন্য দলীয় মতামত দেওয়া হয়েছে। আমরা মনে করি, আদালতের রায়ের বিকল্প কিছু নেই। আদালত যা অবৈধ করেছে তা বৈধ করার ক্ষমতা সংসদের নেই।" এটা আওয়ামী লীগেরও অভিমত বলে সাধারণ সম্পাদক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২৩৪০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর