টাঙ্গাইল, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের নাগরপুর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় চত্ত্বরে সরকারি কর্মচারী এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশের লাঠিপেটায় ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ২ জনকে আটক করেছে।
মামুদনগর ইউনিয়নের পরাজিত তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা উপজেলা নির্বাচন কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে কারচুপির অভিযোগ দিতে এলে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নাগরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, মামুদনগর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম নিজাম, আনোয়ার হোসেন ও মফিজুর রহমান কর্মী-সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমিশন কার্যালয়ে ভোট কারচুপির অভিযোগ দিতে আসেন।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন তার সীমাবদ্ধতার কথা বলে দরখাস্ত গ্রহণে অস্বীকৃতি জানান।
এক পর্যায়ে পরাজিত প্রার্থীর সমর্থকরা উত্তেজিত হয়ে উঠলে তাদের সঙ্গে নির্বাচন কর্মকর্তার বাকবিতণ্ডা শুরু হয়। পরাজিত প্রার্থীদের সমর্থকরা আরো উত্তেজিত হয়ে উঠলে নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মচারীরাও এ বাকবিতণ্ডায় যোগ দেয়।
এক পর্যায়ে উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসের কর্মচারীরা এসে নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মচারীদের সঙ্গে যোগ দেয় এবং পরাজিত প্রার্থীর সমর্থকদের ধাওয়া করে।
ওসি জানান, এভাবেই শুরু হয়ে যায় ধাওয়া-পাল্টা ধাওয়া।
পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা শুরু করে। এতে ১০ জন আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ইউনিয়নের সুনসি গ্রামের জয়নাল আবেদীন (২৫) ও ভাতশালা গ্রামের আব্দুর রবকে (২৬) আটক করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, পরাজিত চেয়ারম্যান প্রার্থীরা সমর্থকদের নিয়ে নির্বাচনে কারচুপির অভিযোগপত্র জমা দিতে আসার পর এ ঘটনা ঘটে। তবে কোন প্রকার ভাংচুরের ঘটনা ঘটেনি বলে জানান বাতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯১২ ঘ.
bdnews24