ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সার্বিকভাবে প্রথম দিনের নির্বাচন ভালো হয়েছে। উপকূলীয় নির্বাচনে যেভাবে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে ছিল এবারো তার ব্যাত্যয় ঘটেনি।
মঙ্গলবার ১৭ জেলার ১৩১টি ইউনিয়নে ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের নির্বাচন শুরু হয়।
৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত তিন হাজার আটশর বেশি ইউপিতে নির্বাচনের কথা রয়েছে।
মঙ্গলবার প্রথম দিনের ভোট গ্রহণ শেষে এম সাখাওয়াত হোসেন জানান, আগামী দিনগুলোর নির্বাচনও সুষ্ঠুভাবে হবে বলে আশা করছি।
তিনি বলেন, "খাগড়াছড়ি জেলার দিঘিনালা এবং বাবুছড়া ইউপির নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে কোন একটি সশস্ত্র গোষ্ঠি এলাকাবাসির প্রতি হুমকি ধামকি দিয়ে আসছে। তাদের ভয়ে ওই ইউনিয়নবাসী ভোট দিতে যেতে সাহস পাচ্ছে না। যে কারণে আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।"
এই কমিশনার জানান, গড়ে প্রায় ৭৫ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এসেছে ভোলার ঢালচরে ৯০ শতাংশ পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে।
আদালতের আদেশে ভোলার চর কুকড়ি মুকড়ি ইউপিতে শুধু চেয়ারম্যান পদে ভোটগ্রহণ বন্ধ হয়েছে আগামী জুলাই মাস পর্যন্ত। এছাড়া নির্বাচনের আচারণবিধি লঙ্ঘনের দায়ে ১৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দ্বিতীয় পর্যায়ে ৫৭ জেলার ৪১৪টি উপজেলার তিন হাজার আটশ ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে।
গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় উপকূলীয় অঞ্চলের ১২ জেলার ৭২ উপজেলার পাঁচশ ৫৩ ইউপিতে নির্বাচন হয়।
বুধবার ৭টি জেলার মোট ৮৮টি ইউপিতে নির্বাচন হবে। এগুলো হলো- কুমিল্লার দেবিদ্বার থানার বড়শালঘর, ইউসুফপুর, মোহনপুর, বরকামতা, ধামতী উত্তর, সুলতানপুর, ফতেহাবাদ, গুনাইঘর উত্তর, বনকোট/গুনাইঘর দক্ষিণ, জাফরগঞ্জ, এলাহাবাদ, রাজামেহার, ভানী, রসুলপুর, সুবিল। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর, দোড়া, এলাঙ্গী, কুশনা, সাফদারপুর। পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা, ভজনপুর, ভজনপুর দেবনগর, বুড়াবুড়ি, শালবাহান, তেতুলিয়া, তিরনইহাট। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী, বোহাইল, চালুয়াবাড়ী, চন্দনবাইশা, ফুলবাড়ী, হাটশেরপুর, কামালপুর, কাজলা, কর্নিবাড়ী, কুতুবপুর, নারচী, সারিয়াকান্দি। ব্রাক্ষ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর, দড়িয়াদৌলত, পাহাড়িয়াকান্দি, ছয়ফুল্লাকান্দি, রুপশদী, মানিকপুর, দড়িকান্দি, ফরদাবাদ, উজান চর, ছলিমাবাদ, সোনারামপুর, তেজখালী, বাঞ্ছারামপুর। মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা, বাঁশকান্দি, বহেরাতলা দক্ষিণ, বহেরাতলা উত্তর, ভদ্রাসন, ভান্ডারী কান্দি, চরজানাজাত, দত্ত পাড়া, দ্বিতীয় খন্ড, কাদিরপুর, কাঠালবাড়ি, কুতুবপুর, মাদবরের চর, নিলখী, পাঁচ্চর, সন্যাসীর চর, শিবচর, শিরুয়াইল, উমেদপুর। যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতী, চালুয়াহাটি, ঢাকুরিয়া, দুর্বাডাঙ্গা, হরিদাসকাটি, হরিহরনগর, ঝাঁপা, কাশিমনগর, খাঁনপুর, খেদাপাড়া, কুলটিয়া, মনিরামপুর, মনোরহরপুর, মশ্মিমনগর, নেহালপুর, রোহিতা ও শ্যামকূড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫৯ ঘ.
bdnews24