২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিস্ফোরক মামলায় ছয় জঙ্গির সাজা

বিস্ফোরক মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক নেতাসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

খুলনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরক মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক নেতাসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. সেকান্দার আলী এ রায় দেন। রায়ে জঙ্গি নেতা আলী আহমদকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং জাহাঙ্গীর আলম, ওমর ফারুক ওরফে লাদেন, আবদুল কুদ্দুস, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল ও মো. আমিরুল ইসলামকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৯ অক্টোবর র‌্যাব ও ঝিনাইদহ সদর থানা পুলিশ ঝিনাইদহ, যশোর ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, আবদুল কুদ্দুস, আবুল কালাম আজাদ ও মো. আমিরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঝিনাইদহ সদর থানার তিওরদাহ গ্রাম থেকে ১৫টি গ্রেনেডসহ জঙ্গি নেতা আলী আহমদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০০৩ ঘ.