২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ফিরেছেন

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ছিল বিএনপি নেতা-কর্মীদের উপচেপড়া ভিড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 04:56 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। রোববার বিকাল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। এছাড়া বাইরে ছিলো কর্মী-সমর্থকদের ভিড়। হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৫টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহা ভিআইপি লাউঞ্জের বাইরে আসে। ভিআইপি লাউঞ্জের বাইরে প্রথমে জ্যেষ্ঠ নেতারা ফুল দিয়ে খালেদাকে অভ্যর্থনা জানান। তাদের মধ্যে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ। বিমানবন্দরের বাইরের গোলচত্বর থেকে বনানীর কাকলী মোড় পর্যন্ত সড়কের এক পাশে দলের মহানগর শাখাসহ অঙ্গসংগঠনগুলোর হাজার হাজার নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তুমুল করতালি দিয়ে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানায়। নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতিও বহন করে। গাড়িবহরের মাঝে পাজেরো জিপ থেকে খালেদা জিয়া হাত নেড়ে নেতা-কর্মীদের অভ্যর্থনার জবাব দেন। এ সময় তাকে বশ উৎফুল্ল দেখাচ্ছিল। বিরোধী দলীয় নেতার গাড়িবহরের সামনে ছিল নেতা-কর্মীদের দীর্ঘ মিছিল। ফলে বিমান বন্দর থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত পথ অতিক্রম করতেই দীর্ঘ সময় লেগে যায়। খালেদা জিয়ার গাড়িবহর কাকলী মোড় অতিক্রম করে গুলশান-২ নম্বর সড়কে তার বাসভবনে যায়। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে আসা দলীয় নেতা-কর্মীদের ভিড়ের কারণে বিমানবন্দরের বাইরের গোলচত্বর থেকে কুড়িল বিশ্বরোড মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের ভেতরে দলের জ্যেষ্ঠ নেতাদের ঢুকতে না দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। তিনি বলেন, "খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের 'বৃহত্তম' দলের নেত্রী। তিনি সম্মাননা পেয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। অথচ আজ আমার মতো দলের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিমান বন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এটি সরকারের অগণতান্ত্রিক আচরণ। এর মাধ্যমে তাদের ফ্যাসিস্ট চরিত্র আবারো প্রকাশ পেয়েছে।'' দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী কর্মসূচি শেষে দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করবেন খালেদা জিয়া। বিরোধীদলীয় নেতা খালেদা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে গত ১৪ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি 'সিনেট' বিশেষ সম্মাননা দেওয়ায় বিমান বন্দরের বাইরে খালেদাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেয় বিএনপি। সফরে খালেদা জিয়া ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা টনি ব্লিনকেন, কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলিসহ চার কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠক করেন। এর আগে লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেন খালেদা। তিন বছর পর তাদের দেখা হয়। এছাড়া যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনসহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও মত বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এইচএ/১৮৩৬ ঘ.