ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নিয়ে বিতর্ক সৃষ্টি না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেছেন, আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কিনা তা এখনো নিশ্চিত হয়নি। তবু কেন এ নিয়ে বিতর্ক ?
ঢাকা মহানগর আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার কামরাঙ্গীর চরে স্থানীয় থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
বিএনপির নীতি নির্ধারকদের উদ্দেশ্যে মতিয়া চৌধুরী বলেন, খায়রুল হককে নিয়ে বিতর্ক সৃষ্টি না করে, তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা চাইলে সংসদে এসে কথা বলুন। পাশ হলে এ ব্যবস্থা থাকবে, না হলে থাকবে না।
মতিয়া বলেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। এটা তাদের অভ্যাস।
'বিএনপি দেউলিয়া হয়ে গেছে' মন্তব্য করে মতিয়া বলেন, বাইরে বসে মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ তুলে কোনো লাভ হবে না। সংসদে এসে এর প্রস্তাব দিন। পাশ হলে নির্বাচন হবে, তা নাহলে অপেক্ষা করুন।
জনসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, মঈন উ আহমেদ যে জিয়ার মত হতে চেয়েছিলেন- এ কথা স্বীকার করায় বিএনপির নেত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ। এর মধ্য দিয়ে জিয়া যে অবৈধভাবে ক্ষমতায় এসেছে- এ সত্য প্রমাণ হয়েছে।
কামরাঙ্গীর চর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২০৩৬ ঘ.
bdnews24