ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি বিষয়ে প্যারিসে খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা বানোয়াট ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
খালেদা জিয়া রোববার বিকালে দেশে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে তাকে সংবর্ধনা জানাবে বিএনপি।
শুক্রবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর সফলভাবে শেষ করে রোববার বিকালে দেশে ফিরছেন আমাদের দেশনেত্রী। তাঁকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেট বিশেষ সম্মাননা দিয়েছে। ওই সিনেটের ১৬৬ বছরের ইতিহাসে এই ধরণের সম্মাননা এটিই প্রথম। তাই আমরা ২৯ মে খালেদা জিয়াকে বিমান বন্দরের বাইরে বীরোচিত সংবর্ধনা জানাবো।"
মির্জা ফখরুল জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে খালেদা জিয়ার সফল সফর অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়া রোববার বিকাল ৫টার দিকে বিমান বন্দরে এসে পৌঁছাবেন। সর্বস্তরের দলীয় নেতা-কর্মীরা সমবেত হয়ে তাকে অভ্যর্থনা জানাবেন।
বাংলাদেশে গণতন্ত্র সুসংহত করা, সন্ত্রাসবাদ দমন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য খালেদা জিয়াকে গত ২৪ মে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেট বিশেষ সম্মাননা দিয়েছে। সিনেটের বাজেট অধিবেশনে এ সংক্রান্ত সর্বসম্মত প্রস্তাব উত্থাপনের মাধ্যমে তাকে এই সম্মান জানানো হয়।
খালেদা জিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে গত ১৪ মে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, "প্যারিসে খালেদা জিয়ার সম্পর্কে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা মিথ্যাচার, বানোয়াট ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। আমি বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৮টি দুর্নীতির মামলা হয়েছিলো। ক্ষমতায় এসে তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। অন্যদিকে আমাদের নেত্রীর বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে। যার কোনো অভিযোগ এখনো দাখিল করতে পারেনি সরকার। তাই দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ মিথ্যাচার। এটি তার (শেখ হাসিনা) স্বভাবসুলভ কথা বলে আমরা মনে করি।"
এর আগে প্যারিসে প্রবাসীদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া ও তার পরিবার দুর্নীতি করে কালো টাকার পাহাড় গড়েছেন।
এদিকে রাজধানীতে বৃহস্পতিবার রাতে ৩৯ নং ওয়ার্ড মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবদুর রহমান হত্যাকাণ্ডের নিন্দা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে, এই হত্যাকাণ্ড তা প্রমাণ করে। আমরা এই ঘটনার নিন্দা জানাই। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি।"
ফখরুল বলেন, "দেশে আইনের শাসন বলে কিছু নেই। প্রতিনিয়তই রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে।''
নিহত কাজী আবদুর রহমানের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
এর আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, আবদুল হালিম, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, ওলামা দলের সভাপতি এম এ মালেক, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, শ্রমিক দলের মহানগর সভাপতি নুরুল ইসলাম নাসিম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৫২ ঘ.
bdnews24