রাঙামাটি, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফের নেতাকর্মী হত্যার ঘটনায় জনসহংতি সমিতির কয়েকজন নেতার বিরুদ্ধে হত্যামামলা করেছেন নিহতের স্বজন।
নিহত ইউনাইটেড পিপলস অব ডেমোক্রটিকস ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য পুলক জীবন চাকমার স্ত্রী বুধবার সন্ধ্যায় রাঙামাটির বরকল থানায় মামলাটি করেন।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যায় নিহত পুলক জীবন চাকমার স্ত্রী কৃঞ্চা চাকমা বরকল থানায় হত্যামামলা করেন। এতে ১৩ জনের নাম উল্লেখ করে মোট ২৮ জনকে আসামি করা হয়।
তবে ওই কর্মকর্তা এজাহারভুক্ত আসামিদের নাম জানাতে রাজি হননি।
মামলায় সাক্ষী করা হয়েছে তিনজনকে। এরা হলেন- অরুন চাকমা, জ্যোতি চাকমা এবং জ্যোতিষ তংচঙ্গ্যা।
শনিবার রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের নারাইছড়ি এলাকায় সশস্ত্র হামলা চালানো হয়। এতে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা অনিমেষ চাকমাসহ দুজনের লাশ প্রথমে উদ্ধার করে পুলিশ। পরে আরো দুজনের লাশ উদ্ধার করা হয়। ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করলেও সংগঠনটির পক্ষ থেকে ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৪৫ ঘ.
bdnews24