চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর দুই গৃহকর্মী নিখোঁজ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এতে জড়িত সন্দেহে মোহাম্মদ স্বপন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয়।
পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ মে রেহানা বেগম রানু (১৪) ও শিউলি আক্তার (১২) নামে এই দুই কিশেরী নিখোঁজ হয়।
ওইদিনই মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী নগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির বরাত দিয়ে তিনি বলেন, জিডি করার পর থেকে তাদের খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাহাড়তলি থানা পুলিশ মোহাম্মদ স্বপন নামের একজনকে গ্রেপ্তার করেছে। তবে তাকে জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে হাসিনা মহিউদ্দিনের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
নগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসা নগরীর ষোলশহরের চশমা হিলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24