ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের নেতা অবৈধভাবে অর্জিত বিপুল সম্পদ ভোগ করতে না পারায় ক্ষুব্ধ হয়ে সরকারের পদত্যাগ দাবি করছেন।
দলের শীর্ষ নেতাদের দুর্নীতির চিত্র উন্মোচিত হয়ে পড়ায় জনগণকে বিভ্রান্ত করতেই বিরোধী দলীয় নেতা নানা কথা বলছেন। তবে এভাবে জনগণকে আর বিভ্রান্ত করা সম্ভব হবে না।
তিনি মঙ্গলবার সুইজারল্যান্ডে আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে- এই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, "ইনশাল্লাহ এ দেশেই অপরাধীদের শাস্তি হবে।"
এ জন্য প্রবাসী বাংলাদেশিদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নারী উন্নয়ন নীতির বিরোধিতার জন্য খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "একজন নারী হয়েও তিনি (বিরোধী দলীয় নেতা) কীভাবে নারী অধিকার নীতির বিরোধিতা করেন! জামায়াতে ইসলামীর মিত্র হিসেবে তিনি দেশের নারীদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি মেনে নিতে পারছেন না।"
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার সরকার তাদের সব ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বন ও পরিবেশ বিষয়কমন্ত্রী হাছান মাহমুদ, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ নেতা অনিল দাশগুপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এএফএম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী ও মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/কেএমএস/১৯২০ ঘ.
bdnews24