ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে আওয়ামী লীগ।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচির অন্যতম এই র্যালিটি বিকাল সাড়ে ৪টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন থেকে শুরু হয়। সাজেদা চৌধুরী র্যালি উদ্বোধন করেন। বিকাল ৬টার কিছু পর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে গিয়ে র্যালিটি শেষ হয়।
১৯৮১ সালের এই দিনে প্রায় ছয় বছরের নির্বাসিত জীবন শেষে ভারত থেকে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনাকে সেনাবাহিনীল একদল সদস্য সপরিবারে হত্যা করে। সেসময় বিদেশে অবস্থানের কারণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ হাসিনা তার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মসূত্রে বোন শেখ রেহানাকে নিয়ে জার্মানিতে অবস্থান করছিলেন।
দেশে ফেরার আগেই ১৯৮১ সালের ১৪-১৬ ফেব্র"য়ারি অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনে শেখ হাসিনাকে আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত করা হয়।
র্যালিতে যে নেতারা ছিলেন
বিকালে রাজধানীতে দলীয় উদ্যোগে র্যালিতে অংশ নেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহাবুব-উল-আলম হানিফ, বাণিজ্য সম্পাদক ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক ও সম্পাদক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ও খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিয়ষক সম্পাদক ও খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ও পূর্ত প্রতিমন্ত্রী মান্নান খান খান, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস ও কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের সাংসদ কামাল মজুমদার, ঢাকা- ৪ আসনের সাংসদ বেগম সানজিদা খানম, ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক আসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ পংকজ দেবনাথ, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল।
এর আগে, এই নেতা-নেত্রীরা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে দু'টি ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠানে অংশ নেন।
আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকসহ হাজার হাজার স্বতস্ফূর্ত নগরবাসী এই র্যালিতে অংশ নেন। পরে, ট্রাকে করে কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা র্যালিতে অংশ নেন।
তবে, শেখ হাসিনা দেশে নেই বলেই হয়তো উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের এই র্যালিতে দেখা যায়নি।
'দালালরা এক সময় বাতিল হয়ে যাবে'
কর্মী-সমর্থকরা অসংখ্য ট্রাক ও পিক-আপ ভ্যান নিয়ে র্যালিতে অংশ নেন। দপুরের পর থেকেই পল্টন, কাকরাইল, মগবাজার, এলিফ্যান্ট রোড ও ফার্মগেটের দিক থেকে কর্মী-সমর্থকরা আসতে শুরু করেন।
র্যালির সামনে-পেছনে আর মাঝে ছিলো মোটর সাইকেলের মিছিল। র্যালিতে লাল পতাকা নিয়ে শ্রমিক লীগের কর্মীদের ব্যাপক অংশ গ্রহণ ছিলো। বেশ কয়েকটি ট্রাকে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিলো। অনেক ট্রাকে বাজছিলো সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সাংসদ ও কন্ঠশিল্পী মমতাজের গান।
র্যালিতে ছিলো ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিশাল প্রতিকৃতি। অনেকে এনেছিলেন বিশাল আকারের জাতীয় পতাকা, কয়েকজন মিলে তা ধরে রাস্তা প্রদক্ষিণ করেন তারা।
কেউ কেউ আবার বিভিন্ন ধরনের স্লোগান লিখে আনেন শরীর জুড়ে। র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে সাজেদা চৌধুরী বলেন, "পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের মতোই দালালরা এক সময় বাংলাদেশ থেকে বাতিল হয়ে যাবে।"
মাহাবুব-উল-আলম হানিফ বলেন, "খালেদা জিয়া ভাবেন তার সঙ্গেই জনগণ আছে। সেজন্য সরকার পতনের হুমকি দিচ্ছেন, মধ্যবর্তী নির্বাচনের দাবি করছেন।
"বেগম জিয়া দেখে যান- জনগণ শেখ হাসিনার নেতৃত্বেই আছে। ২০০৮ সালের নির্বাচনের মতোই জনগণ আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৩৭ ঘ.
bdnews24