২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি দলই বিএনপিকে সংসদে চায় না: মওদুদ

আগামী সপ্তাহে শুরু হতে চলা সংসদ অধিবেশনে যোগ দিতে বিএনপি আগ্রহী হলেও এ ক্ষেত্রে সরকারি দল বাধা হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সপ্তাহে শুরু হতে চলা সংসদ অধিবেশনে যোগ দিতে বিএনপি আগ্রহী হলেও এ ক্ষেত্রে সরকারি দল বাধা হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। তিনি শনিবার এক আলোচনা সভায় বলেছেন, "বিএনপি সংসদে যেতে আগ্রহী। কিন্তু সংসদে যাওয়ার পরিবেশ সরকার বিনষ্ট করে ফেলেছে। তারা আদৌ চায় না, বিরোধী দল সংসদে ফিরে আসুক।" ৭৪ দিন বয়কটের পর গত ১৫ মার্চ সংসদের অষ্টম অধিবেশনে যোগ দিয়েছিলো বিএনপি। কিন্তু সংশোধনী প্রস্তাবগুলোর ওপর আলোচনার সুযোগ না দেওয়ায় তারা অধিবেশনের শেষ দিন সংসদ বয়কট করে। আগামী ২২ মে সংসদের নবম অধিবেশন বসছে। এতে সংবিধান সংশোধনী সংক্রান্ত কমিটির সুপারিশ উপস্থাপনের কথা রয়েছে। এছাড়া বাজেটও উত্থাপিত হবে একই অধিবেশনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, সরকারি দলের মানসিকতার পরিবর্তন হলে তারা সংসদে গিয়ে জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তিসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবে 'স্বদেশ জাগরণ পরিষদ' নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ। সংবিধান সংশোধন নিয়ে সরকার ও বিশেষ কমিটির উদ্যোগের সমালোচনা করে সাবেক এ আইনমন্ত্রী বলেন, আবার ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত জেনেই সরকার সংবিধান সংশোধনের পথ বেছে নিয়েছে। কিন্তু যা কিছুই করুক, তাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়ে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। মওদুদ বিচার বহির্ভূত হত্যা এবং সীমান্তে হত্যাকাণ্ডেরও সমালোচনা করেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "নির্বাচনে ভরাডুবি হবে বলেই সরকার এ নির্বাচন বন্ধ করে রেখেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৩০ ঘ.