ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক শফিকুল্লাহ এবং সিআইডি কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দকে হুঁশিয়ার করে বিএনপি বলেছে, তারা ক্ষমতায় গেলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুজনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ, তারা ১০ ট্রাক অস্ত্র ও ২১ অগাস্টের গ্রেনেড মামলায় তারেক রহমানকে জড়ানো 'চক্রান্ত' করছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ২১ অগাস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তারেক রহমানকে জড়ানোর চেষ্টা করছে সরকার।
"গোয়েন্দা সংস্থার কর্মর্কর্তাদের চাপ দেওয়া হচ্ছে- যাতে এটা দ্রুত করা হয়। কারাগারে বন্দি নেতাদের এবং বাইরে থেকে লোকজন ধরে এনে নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার অপচেষ্টা হচ্ছে", বলেন তিনি।
বিএনপি নেতা বলেন, "আমরা জানছি, এ মিথ্যা মামলা দায়ের কর্মকাণ্ডের সঙ্গে এনএসআইয়ের পরিচালক শফিকুল্লাহ ও সিআইডির বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ অগ্রণী ভূমিকা পালন করছেন।
"আমরা বলে দিতে চাই, যে সব কর্মকর্তা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে কাজ করছেন, তাদের জনগণ চিহ্নিত করে রাখছে। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে", হুঁশিয়ারি দেন ফখরুল।
প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনেরও সমালোচনা করেন তিনি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সকালে খালেদা জিয়ার সঙ্গে যাত্রাকালে তার উপদেষ্টা রুহুল আলম চৌধুরীকে যেতে বাধা দেওয়ারও নিন্দা জানান।
ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রুহুল আলম সংবাদ সম্মেলনে বলেন, "আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমি স্ত্রীসহ লন্ডন যাচ্ছিলাম। ইমিগ্রেশনের সব কাজ সারার পর বোর্ডিং পাস নিয়ে বিমান উঠি। এরপর আমাকে নামিয়ে আনা হয়।"
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল বলেন, "বিমান থেকে নামানোর পর আমি ইমিগ্রেশন কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম- কার নির্দেশে আপনারা আমাদের নামিয়ে আনলেন। তখন একজন কর্মকর্তা জানান, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই'র নির্দেশ রয়েছে।"
"তবে বিমান চলে যাওয়ার সময় আমাকে ইমিগ্রেশন থেকে বলা হয়, আপনি বিমানে উঠতে পারেন", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24