২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রধান বিচারপতি নিয়োগে আগেও জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে'

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন শুধু এবারই হয়নি, অতীতেও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন শুধু এবারই হয়নি, অতীতেও হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কামরুল ইসলাম। রাষ্ট্রপতি বুধবার আপিল বিভাগের বিচারক মো. মোজাম্মেল হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ দেন। এরপর বৃহস্পতিবার পদত্যাগ করেন আপিল বিভাগে তার চেয়ে জ্যেষ্ঠ বিচারক শাহ আবু নাঈম মোমিনূর রহমান। প্রধান বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, "তিনি (রাষ্ট্রপতি) কাকে নিয়োগ দিবেন এটা তার ব্যাপার। আর জ্যেষ্ঠতা লঙ্ঘন শুধু এবারই হয়নি। অতীতেও হয়েছে।" শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, সততা ও মেধা দেখেও [প্রধান] বিচারপতি নিয়োগ দেওয়া হয় বলে মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী। মোমিনূর রহমান পদত্যাগ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, "কেউ পদত্যাগ করলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরাই তো তাকে (মোমিনূর রহমান) পছন্দ করে আপিল বিভাগে নিয়োগ দিয়েছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/পিডি/১৭৪৭ ঘ.