২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকে সেফহোমে জিজ্ঞাসাবাদ বৃহস্পতিবার

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামি নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বৃহস্পতিবার সেফহোমে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামি নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বৃহস্পতিবার সেফহোমে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। তদন্ত কর্মকর্তা সানাউল হক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী কাল যথাসময়ে সাঈদদীকে জিজ্ঞাসাবাদ করা হবে। ট্রাইব্যুনালের গত ২৮ এপ্রিলের আদেশ অনুযায়ী, তদন্ত সংস্থা যে কোনো একদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাঈদীকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে তা ট্রাইব্যুনাল এবং সাঈদীর আইনজীবীকে জানাতে হবে। এছাড়া জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের অবস্থা পর্যবেক্ষণে পাশের রুমে কেন্দ্রীয় জেলা হাসপাতালের একজন চিকিৎসক এবং আইনজীবীকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাসে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেফহোমে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রাইব্যুনালের জন্য ধানমণ্ডিতে বরাদ্দ দেওয়া একটি বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করছে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা, একেই সেফহোম বলা হচ্ছে। তদন্ত সংস্থার তথ্য মতে, সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সময় গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে জিয়ানগর ও সদর উপজেলায় দু'টি মামলা হয়। এর মধ্যে সদর উপজেলার বাদুরা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সইজউদ্দীন পশারীর ছেলে মানিক পশারী গত ২০০৯ সালের ১২ অগাস্ট মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন। একই বছরের ৩১ অগাস্ট জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের জমিরউদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম একই অভিযোগে সাঈদী ও তার ভাই মোস্তফা সাঈদীসহ চারজনের বিরুদ্ধে অপর মামলাটি করেন। গত ২২ সেপ্টেম্বর ২য় দফা তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মো. হেলাল সাংবাদিকদের জানান, একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অন্যান্য স্থানের মতো পিরোজপুরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ এর ৩(২) ধারার অপরাধ সংগঠিত হয়েছে। তিনি জানান জিয়ানগর, স্বরূপকাঠী (নেছারাবাদ) ও সদর উপজেলায় তদন্তে ১৭টি বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ সব বধ্যভূমিতে প্রায় ৫ হাজার মানুষকে গণকবর দেওয়া হয়। এর আগে তিনি গত ২০ সেপ্টেম্বর মোট ১২টি বদ্ধভূমির কথা জানিয়ে পিরোজপুরে মুক্তিযুদ্ধের সময় ২৯ হাজার ৯০৬ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে বলে জানান। তিনি বলেন, "এই সব অপরাধে সাঈদীর সংযোগ খুজে পেয়েছে তদন্ত দল।" যুদ্ধাপরাধের অভিযোগে কারাগারে আটক আছেন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে গত বছরের ১৬ ডিসেম্বর অন্য একটি মামলায় আটকের তিনদিন পর তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। অপর বিএনপি নেতা মো. আব্দুল আলীমকে গত ২৭ মার্চ গ্রেপ্তারের পর ৩১ মার্চ শর্ত সাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাও এখন কারাবন্দি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১২৯ ঘ.