২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তারেক-কোকোর পাচার করা অর্থ উন্নয়নে ব্যয় হবে'

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, তারেক-কোকোর 'পাচার' করা অর্থ দেশে ফেরত এনে তা দিয়ে উন্নয়নমূলক কাজ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, তারেক-কোকোর 'পাচার' করা অর্থ দেশে ফেরত এনে তা দিয়ে উন্নয়নমূলক কাজ করা হবে। বুধবার এক আলোচনা সভায় তিনি আরো বলেন, "বিদেশে অর্থ পাচারের মামলায় তারেক ও কোকোর বিচার হবে।" খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা রয়েছে। তবে বিএনপি বলছে, এ মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শেখ হাসিনার ৩০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় বক্তব্য দেন হানিফ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফেরেন। দিনটিকে আওয়ামী লীগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে। এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে বলেও জানান হানিফ। ২০২১ সালের মধ্যে দেশে বিদ্যুৎ সমস্যা সম্পূর্ণ দূর হবে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এছাড়া ২০১৪ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। "২০২১ সালের মধ্যে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশ থেকে বিদ্যুৎ সমস্যা সম্পূর্ণ দূর করা হবে", বলেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তারানা হালিমের সভাপতিত্ব ওই সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অধ্যাপক এনামুল হক, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করীম, নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দোপাধ্যায় ও ফরিদ আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৫৫০ ঘ.