ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও সাবেক নৌমন্ত্রীর ছেলে ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় আরো দুইজনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হোসেন সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন।
আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ১৯ মে।
অভিযুক্তদের একজন বিদেশে ও অপরজন পলাতক থাকায় তাদের পক্ষে কেউ রাষ্ট্রপক্ষের এই সাক্ষীদের জেরার সুযোগ পাচ্ছেন না। এ নিয়ে ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুল হক।
এ মামলায় গত বছরের ১২ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কোকোর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
কমিশনের দায়ের করা ওই মামলায় কোকোর বিরুদ্ধে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার এবং ৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।
মামলায় বলা হয়, সিঙ্গাপুরের ব্যাংকে কোকোর হিসাবে বাংলাদেশের কয়েকটি অবকাঠামো প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার জন্য বিদেশি কোম্পানির ঘুষের টাকা জমা হয়েছিল।
গত বছরের ৩০ নভেম্বরে কোকো ও সাবেক নৌমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০০৯ সালের ১৭ মার্চ বাদি হয়ে কাফরুল থানায় মামলাটি করেন দুদক কর্মকর্তা আবু সাঈদ।
ওই বছরের (২০০৯ সাল) ১২ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
কোকো এখন থাইল্যান্ডে। সায়মন রয়েছেন পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৮২৮ ঘ.
bdnews24