চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর পর তার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকেও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাউজান উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবী বলেন, "সাকা চৌধুরীর সঙ্গে তার ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের প্রমাণ জনসম্মুখে প্রকাশ হয়ে পড়ছে। তাই তিনি ভীত ও উদভ্রান্ত হয়ে প্রলাপ বকছেন।
"অনেক নির্যাতিত ব্যক্তি ট্রাইব্যুনালের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাই অবিলম্বে গিকা চৌধুরীকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।"
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন কাদের এর আগে এক সংবাদ সম্মেলনে রাউজানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিরাপত্তা এবং পৌর মেয়রকে দায়িত্ব পালন করতে না দেওয়ার কথা জানিয়েছিলেন।
ওই সম্মেলনে গিকা অভিযোগ করেন, ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সরকার দলের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। রাউজান পৌরসভা মেয়র কাজী আবদুল্লাহ আল হাছান শপথ নেওয়ার পরও সরকার দলীয় সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থানের কারণে তার কার্যালয়ে যেতে পারেননি।
বিএনপির বক্তব্যের প্রতিবাদ জানাতে আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বলে জানান শফিকুল।
তিনি বলেন, "রাউজানের নির্বাচিত সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে এলাকার জনগণকে বিভ্রান্ত করতে সংবাদ সম্মেলন করেছিলেন গিকা চৌধুরী।"
রাউজানের পৌর মেয়রকে দায়িত্ব পালনে বাধাদানের অভিযোগ অসত্য দাবি করে শফিকুল বলেন, "তার দৈনন্দিন কাজের প্রমাণ পৌরসভার বিভিন্ন নথিতে পাওয়া যাবে।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান বলেন, "পৌর মেয়র এলাকায় আছেন। সব সামাজিক অনুষ্ঠানে তাকে দেখা যায়। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তিনি কার্যালয়ে যান না। আমরা কোনো বাধা দিইনি।"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএমএ'র সভাপতি শেখ শফিউল আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/এমআই/১৫৩০ ঘ.
bdnews24