ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সর্বোচ্চ আদালতের রায় দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট তৈরি করবে বলে আশঙ্কা করছেন মওদুদ আহমদ।
মঙ্গলবার রায়ের পর এক প্রতিক্রিয়ায় সাবেক আইনমন্ত্রী মওদুদ সাংবাদিকদের বলেন, "একটি রাজনৈতিক ইস্যুতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে স্থিতিশীল নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশিত হয়েছিলো।
"উচ্চ আদালতের এ রায়ের ফলে দেশকে আবার নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে", বলেন বিএনপির এ নেতা।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে যুক্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই সময় ক্ষমতাসীন বিএনপি অনীহা সত্ত্বেও আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর চাপে এ সংশোধনী আনে। তবে এখন বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলে আন্দোলনে নামবে তারা।
ত্রয়োদশ সংশোধনীর বৈধতা নিয়ে একটি রিট আবেদন হলে হাইকোর্ট তা বৈধ বলে রায় দেয়। এর বিরুদ্ধে আপিল হলে মঙ্গলবার রায় দেয় আপিল বিভাগ।
সর্বোচ্চ আদালতের রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হলেও শান্তিশৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে।
আপিল বিভাগের রায় স্ববিরোধী বলে মন্তব্য করেন সংসদ সদস্য মওদুদ। তিনি বলেন, "রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো হাতে আসেনি। যতটুকু শুনেছি, ওই রায়ে একদিকে আদালত বলছেন- তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক। অন্যদিকে আবার বলছেন- আগামী ১০ বছর এ পদ্ধতিতে নির্বাচন হতে পারে। এ অভিমত থেকে আদালতে স্ববিরোধিতা স্পষ্টতর হচ্ছে।"
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য মওদুদ একইসঙ্গে জানান, রায়ের বিষয়ে তার এ প্রতিক্রিয়া আইনজীবী হিসেবে প্রকাশ করেছেন তিনি, দলীয় নেতা হিসেবে নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.
bdnews24