চট্টগ্রাম, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যবর্তী নির্বাচনের দাবিতে নগরীর লালদীঘি মাঠে সোমবারের সমাবেশ নিয়ে পৃথক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বিএনপি'র দুই শীর্ষনেতার অনুসারীরা।
মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য এ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দরকার মোশাররফ হোসেন।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা সমাবেশ সফল করতে ইতিমধ্যে পৃথক প্রস্তুতি সভা করেছে। সমাবেশে যোগ দিচ্ছেন না নোমান।
দলের সাধারণ কর্মীদের আশঙ্কা সমাবেশে দু'পক্ষের দ্বন্দ্বের প্রকাশ্য রূপ দেখা যেতে পারে। তবে দু' পক্ষের নেতাকর্মীদের মধ্যে কোন ধরণের সংঘাতের অংশকা উড়িয়ে দিয়েছেন নেতারা।
নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দলীয় দ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়ে বলেন, তবে গত কয়েক মাসে দূরত্ব অনেক কমেছে।
গত শনিবার নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আলাদা প্রস্তুতি সভা করে দু'পক্ষ।
আলাদা প্রস্তুতি সভার বিষয়টি অস্বীকার করে শাহাদাত বলেন, নগর বিএনপির প্রস্তুতি সভা একটিই হয়েছে। সেটি করেছে বৈধ নগর কমিটি। এছাড়া শ্রমিক দল, যুবদল সমাবেশকে সফল করতে পৃথক প্রস্তুতি সভা করেছে।
এদিকে আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত শ্রমিক দল সভাপতি এ এম নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাবেশে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে আমরা নজর রাখব।
"নোমান ভাইকে কেন্দ্র থেকে টাঙ্গাইল জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তাই তিনি সমাবেশে আসতে পারছেন না।"
শাহদাত জানান চট্টগ্রামের আরেক বিএনপি নেতা মোরশেদ খানও সমাবেশে থাকছেন না। কেন্দ্র নির্ধারিত বান্দরবানের দায়িত্বে থাকায় তিনি আসতে পারছেন না।
২০০৯ সালে নভেম্বরে নগর বিএনপির কাউন্সিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর গত মার্চে লালদীঘি মাঠে যুব দলের সম্মেলনেও সংঘর্ষে লিপ্ত হয় দু'পক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৪৩ ঘ.
bdnews24