২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন: সবার মত পর্যালোচনা রোববার

সংবিধান সংশোধনে এ পর্যন্ত পাওয়া মতামত পর্যালোচনা করতে রোববার বৈঠকে বসবে এ সংক্রান্ত বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে এ পর্যন্ত পাওয়া মতামত পর্যালোচনা করতে রোববার বৈঠকে বসবে এ সংক্রান্ত বিশেষ কমিটি। বৃহস্পতিবার সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সবার মতামত ও পরামর্শ পর্যালোচনা করার জন্য রোববার বিশেষ কমিটির বৈঠক ডাকা হয়েছে। ইতোমধ্যে পাওয়ার সবার মতামত ও পরামর্শ পর্যালোচনা করে তা চূড়ান্ত করা হবে।" পরদিন গণমাধ্যমে সংবাদ সম্মেলন করে বিশেষ কমিটির অবস্থান তুলে ধরা হবে বলেও জানান তিনি। জাতীয় সংসদের নবম অধিবেশন বসছে আগামী ২২ মে বিকাল ৪টায়। এ অধিবেশনেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সুপারিশ ওঠার কথা রয়েছে। কমিটির ধারাবাহিক বৈঠকের বিষয়ে সুরঞ্জিত বলেন, "কমিটিতে আমন্ত্রিত প্রত্যেকে উদারভাবে মতামত দিয়েছেন। কমিটির আমন্ত্রণে সাড়া দেওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।" সংবিধান সংশোধনে গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এই সংসদীয় বিশেষ কমিটি গঠন করে সরকার। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে কমিটির সদস্যরা নিজেরা পর্যালোচনা করার পর ১১, ১২ ও ১৩ এপ্রিল খসড়া সুপারিশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল সাবেক প্রধান বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবি; ২৫ এপ্রিল সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, ২৭ এপ্রিল আওয়ামী লীগ, ৩ মে বিশিষ্ট নাগরিক এবং ৪ মে পত্রিকার সম্পাদকদের মতামত নেয় বিশেষ কমিটি। ২৫ এপ্রিল বিশেষ কমিটিতে মতামত দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং তার নেতৃত্বাাধীন জোট। অবশ্য চার দলীয় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানায়নি বিশেষ কমিটি। দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকায় দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি। দলটির মুখপত্র দৈনিক সংগ্রাম সম্পাদককেও বৈঠকে ডাকা হয়নি। 'গণতান্ত্রিক প্রচেষ্টা অব্যাহত' সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রধান বিরোধী দলকে সম্পৃক্ত করতে গণতান্ত্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। তবে নতুন করে আবার বিরোধী দল বিএনপিকে বৈঠকে আসার আমন্ত্রণ জানানো হবে কি না- তাও স্পষ্ট করেননি কো চেয়ারম্যান। সুরঞ্জিত জানান, বিশেষ কমিটি গঠনের সময় বিরোধী দলকে রাখা হয়েছে। একজন না হলে দুইজন সদস্য দেওয়ার জন্যও বলা হয়েছে। কিন্তু তাতে তাদের সাড়া মেলেনি। এরপর বিশেষ কমিটির বৈঠকে আসার আমন্ত্রণ জানানো হলেও 'বৈঠক অর্থবহ হবে না' উল্লেখ করে তা প্রত্যখ্যান করেন বিএনপি চেয়ারপার্সন। এই অবস্থায় রাজনৈতিক ঐক্যমত্য তৈরিতে বিরোধী দলকে ডাকবেন কি না- জানতে চাইলে সুরঞ্জিত বলেন, "বিরোধী দলকে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক যে উপায় আছে, সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাদের বৈঠকে আনার আর কোনো উপায় আমাদের জানা নেই। সার্বিক বিষয়ে বিশেষ কমিটির বৈঠকে আলোচনা হবে।" সংবিধান সংশোধনের সুপারিশ বিল আকারে সংসদে ওঠার পর এ নিয়ে বিরোধী দলের আলোচনার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 'উপমহাদেশে নজিরবিহীন' সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদের বাইরে সংবিধান সংশোধনের জন্য এভাবে মতামত নেওয়ার ঘটনা দেশে আগে কখনও ঘটেনি। উপ-মহাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও এমন নজির আর নেই। "গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেও যে মতামত নেওয়া যায়- এর মধ্য দিয়ে সে ধারণাটি তৈরি হলো।" এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সংবিধান সংশোধনে গণবিজ্ঞপ্তি দিয়ে জনমত যাচাইয়ের সুযোগ নেই। বইয়ের (সংবিধানের) বাইরে গিয়ে কমিটি কিছু করতে পারবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০৫৩ ঘ.

এ সম্পর্কিত আরো খবর