নরসিংদী, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলায় দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুই নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উপজেলার দূর্গম চর এলাকা চরদিঘলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নরসিংদী জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অনন্তরামপুর গ্রামের চেয়ারম্যান প্রার্থী নেওয়াজ আলী ও মেম্বার প্রার্থী ফরহাদের সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই বিরোধ চলছিলো।
তিনি বলেন, "এর জের ধরেই ফরহাদের সমর্থকরা ভোরে নেওয়াজ আলীর সমর্থকদের বাড়িতে হামলা ও ব্যাপক ভাংচুর করে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন টেটা বিদ্ধ হয়।"
আহতদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন হানিফা, মনোয়ারা বেগম, আলমগীর, আলী মোকাররম, নবী মিয়া, আলেক মিয়া, খোরশেদ ও শাহজামাল।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১২৫৭ ঘ.
bdnews24