২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিদরিদ্রদের জন্য কাজ করতে এনজিওদের প্রতি আহ্বান

শহরাঞ্চলে অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরাঞ্চলে অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবন মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'ক্রিয়েটিং লাইভলিহুডস ফর দি আরবান এক্সট্রিম পুওর' শীর্ষক তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এবং ইউকেএইড ও বাংলাদেশ সরকারের যৌথ একটি কর্মসূচি ইকোনোমিক এমপাওয়ারমেন্ট অব দি পুওরেষ্ট ইন বাংলাদেশ (ইইপি)। এই কর্মসূচির স্থানীয় নাম সিঁড়ি। শফিক আহমেদ বলেন, "নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ ও কর্মসংস্থানের অভাবের কারণে দরিদ্র মানুষ গ্রাম ছেড়ে শহরাঞ্চলে আসছে। এসব মানুষের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে তাদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে।" এজন্য সরকারের পাশাপাশি এ ব্যাপারে কাজ করার জন্য এনজিওগুলোর প্রতি তিনি আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, "সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির (যেমন- ভিজিডি, ভিজিএফ ও বয়স্কভাতা) মাধ্যমে দরিদ্র মানুষদের সহযোগিতা করছে। সরকার দরিদ্র মানুষদেরকে আইনি সহয়তা দিতে একটি প্রকল্পের মাধ্যমে কাজ করছে। যেসব ব্যক্তির বার্ষিক আয় ৩০ হাজার টাকার কম তাদের এ আইনি সহায়তা দেওয়া হচ্ছে।" কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসকে-সিঁড়ি প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল মো. আলমগীর আজাদ। আজাদ বলেন, "ডিএসকে ও সিঁড়ি যৌথভাবে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।" 'অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে অতি দরিদ্র পরিবারের অতি দরিদ্রাবস্থা থেকে উত্তরণ প্রকল্প' শিরোনামের এ প্রকল্পের অধীনে ১০ হাজার অতিদরিদ্র পরিবারকে আর্থিক অনুদান দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলা হচ্ছে বলে জানান তিনি। এ প্রকল্পে প্রায় ৩৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে জানিয়ে তিনি বলেন, "ইতোমধ্যে ঢাকা মহানগরের কড়াইল এবং কামরাঙ্গীরচর এলাকার ৭ হাজার পরিবারকে প্রায় ১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।" এছাড়া মিরপুর ও গাবতলীতে একই ধরনের কর্মসূচি শিগগিরই শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, "যেসব ব্যক্তির দৈনিক আয় ২৫ টাকার নিচে তাদেরকে অতিদরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।" কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন। এতে আরো বক্তব্য দেন ডিএসকের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, সিঁড়ির প্রধান নির্বাহী কর্মকর্তা কলিন রিজনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৬৩৬ ঘ.