২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরজা খোলা থাকলেও তাতে 'গোলমাল' রয়েছে: মওদুদ

সংবিধান সংশোধনে মতামত দিতে বিশেষ কমিটির দরজা বিএনপির জন্য এখনো খোলা আছে- আইনমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেছেন, খোলা থাকলেও সেই দরজায় 'গোলমাল' রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে মতামত দিতে বিশেষ কমিটির দরজা বিএনপির জন্য এখনো খোলা আছে- আইনমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেছেন, খোলা থাকলেও সেই দরজায় 'গোলমাল' রয়েছে। তিনি আরো বলেন, "বিশেষ কমিটির সভায় মূল বিষয়ে কোনো আলোচনা আপনারা করবেন না। তাই ওই ধরনের আলোচনায় যোগ দেওয়া অর্থহীন।" শুক্রবার বিকালে ঢাকায় এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন। তিনি সরকারকে হুমকি দিয়ে বলেন, "বিরোধী দলের সঙ্গে সমঝোতা ছাড়া সংবিধান সংশোধন করা হলে তা মেনে নেওয়া হবে না। আগামী নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেলে তা বাতিল করবে। দেশের জনগণ কোনো বিতর্কিত বিষয় সংবিধানে থাকতে দেবে না।'' জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক একাডেমী 'আগ্রাসী সংস্কৃতি ও আগ্রাসন মোকাবেলায় করণীয়' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির আলোচনায় গত ২৫ এপ্রিল বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার যোগ না দেওয়াকে 'সঠিক সিদ্ধান্ত' বলে মনে করেন মওদুদ। এ প্রসঙ্গে তিনি দাবি করেন যে, ওই বৈঠকগুলো ছিলো 'লোকদেখানো'। "সরকার কী করতে চায়- তা পরিষ্কার নয়। সংসদে বিল আকারে প্রস্তাব উত্থাপন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে", যোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গত ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ওই বিশেষ কমিটি সংবিধান সংশোধনে মতামত জানতে রাজনৈতিক দল, সাবেক প্রধান বিচারপতি ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে। সরকারের সমালোচনা করে মওদুদ আরো বলেন, সংসদকে পাশ কাটিয়ে গত ১০ ফেব্র"য়ারি সংবিধান মুদ্রণ করায় সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে। সংগঠনের নির্বাহী পরিচালক মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন। বিশেষ কমিটির চেয়ারম্যান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ২০ এপ্রিল খালেদা জিয়াকে চিঠি দিয়ে বৈঠকে আসার আমন্ত্রণ জানান। সংবিধান সংশোধনে গত বছরের ২১ জুলাই সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের ওই বিশেষ কমিটি গঠন করা হয়। সরকারি দলের আহ্বান সত্ত্বেও কমিটিতে নিজেদের অন্তর্ভুক্ত করেনি বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮০৮ ঘ.