২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমেক ছাত্রলীগের ধর্মঘট প্রত্যাহার

দুই নেতার ওপর হামলার পর ডাকা ধর্মঘট তুলে নিয়েছে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ। এর ফলে দুই দিন পর বৃহস্পতিবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

রংপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেতার ওপর হামলার পর ডাকা ধর্মঘট তুলে নিয়েছে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ। এর ফলে দুই দিন পর বৃহস্পতিবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। ছাত্রলীগের দাবির পরিপ্রেক্ষিতে ডাক্তার মুক্তা ছাত্রাবাসের সুপার ডা. বিমল চন্দ্র পদত্যাগের পরই বুধবার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার সমর্থক সংগঠনটি। এদিকে হামলা তদন্তে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাকির হোসেনকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে।" ডা. মুক্তা ছাত্রবাসের সুপারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলেও জানান অধ্যক্ষ। এদিকে রমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হল সুপারের পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি ছাত্রাবাসে অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি বাস্তবায়নে আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার ভোরে ডা. মুক্তা ছাত্রাবাসে ঘুমিয়ে থাকা অবস্থায় কুপিয়ে আহত করা হয় কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাকুল হক খন্দকার পুলক ও সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসাইনকে। এরপরই অনির্দিষ্টকালের ধর্মঘটে যায় ছাত্রলীগ। সাধারণ সম্পাদক সঞ্জয় সেদিনই কোতোয়ালি থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯৪৫ ঘ.