ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
সোমবার পুলিশ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহারা খাতুন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের তালিকা করা একটি চলমান প্রক্রিয়া।
ইউনিয়ন নির্বাচনকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে- এ কথা জানিয়ে সাহারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। তবে এ অভিযান আগামী মাস থেকে আরো বেগবান হবে।
"কোনো পুলিশ ও র্যাব সদস্য কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
বর্তমান সরকারের দুবছর চার মাসের দেশে আইন-শৃঙ্খলা সন্তুষ্টজনক রয়েছে বলে দাবি করেন তিনি। এ জন্য তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোকে অভিনন্দন জানান।
সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮২২ ঘ.
bdnews24