ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিদ্যুৎ-গ্যাস-পানি সঙ্কট নিরসনের দাবিতে আগামী ৯ মে নতুন কর্মসূচি দেবে বিএনপি।
রোববার এক প্রেস ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, চলমান জনদুর্ভোগ লাঘবে সরকারের উদাসীনতা ও ব্যর্থতায় প্রধান বিরোধী দল উদ্বিগ্ন।
সেইসঙ্গে সরকারের কথিত ব্যর্থতার কথা উল্লেখ করে অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবিও পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল।
জনদুর্ভোগ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ১৮ এপ্রিল থেকে ৫ দিনের কর্মসূচি শুরু করে বিএনপি।
দলের অন্য কর্মসূচি হচ্ছে- ২৬ এপ্রিল দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ৫ মে শেয়ারবাজার কেলেঙ্কারির প্রতিবাদে বিভাগীয় ও জেলা সদরে সমাবেশ এবং ৯ মে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সারাদেশে সমাবেশ।
শনিবার মহানগর নাট্যমঞ্চে দলের নির্বাহী কমিটির সভার গৃহীত সিদ্ধান্ত জানাতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রেস ব্রিফিঙের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ২৬ দফা দাবির কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- দ্রব্যমূল্য কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা, কৃষি উপকরণের দাম কমানো, বিদ্যুৎ ও সিএনজি'র দাম সহনীয় পর্যায়ে আনা, বিচার বিভাগ ও জনপ্রশাসন দলীয়করণ বন্ধ করা, জাতীয় 'স্বার্থ বিরোধী' চুক্তি বাতিল, মানবাধিকার রক্ষা, পাঠ্যপুস্তক থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম তুলে দিয়ে ইতিহাস বিকৃতি বন্ধ করা, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর কথিত নির্যাতন বন্ধ, কারাবন্দি নেতাদের মুক্তি দাবি ইত্যাদি।
নির্বাহী কমিটির সভায় দলীয় নেতা-কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ আরও গতিশীল করার সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমানে দলের ৪৩টি পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। ১০টি কমিটি প্রক্রিয়াধীন রয়েছে। ৭/৮ টি জেলায় কমিটি করা এখনো বাকি রয়েছে। তা আগামী নির্বাহী কমিটির সভার আগেই হয়ে যাবে।
নির্বাহী কমিটির সভায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে নির্বাহী বিভাগের নিদের্শনা প্রদানের নিন্দা জানানো হয়।
২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম কাউন্সিল অধিবেশনের পর ৩৮৬ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়। ২০১০ সালের ৩১ জুলাই নতুন নির্বাহী কমিটির প্রথম সভা হয়। শনিবারের বৈঠকটি ছিলো দ্বিতীয়।
প্রেস ব্রিফিঙে অন্যান্যের মধ্যে দলের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী, নাজিম উদ্দিন আলম, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, উলামা দলের সভাপতি আবদুল মালেক, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাসাস সভাপতি এম এ মালেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমরুদ্দিন আহমেদের মৃতুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
শুক্রবার কমরুদ্দিন আহমেদ যুক্তরাজ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭২২ ঘ.
bdnews24