ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা করে তা প্রত্যাহারের সুপারিশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
তবে, কোনো অপরাধমূলক কর্মকান্ডে দলের সদস্যরা জড়িত থাকলে সে মামলা প্রত্যাহারের সুপারিশ করা হবে না।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার সকালে 'দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যত করণীয় সম্পর্কে' মতবিনিময় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ রেজাউর রহমান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সংসদের সদস্য মমতাজ উদ্দিন মেহেদী, সানজিদা খানম, নুরুল ইসলাম সুজন ও খান টিপু সুলতান উপস্থিত ছিলেন।
আব্দুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা আইনের শাসনে বিশ^াসী। আওয়ামী লীগ করলেই তার নামে দায়ের করা মামলা, রাজনৈতিক হয়রানিমূলক ও মিথ্যা হবে- এমনটিও আমরা মনে করি না। অনেক ক্ষেত্রে সত্যি অপরাধের জন্যও মামলা হতে পারে। তাই দলের নেতাকর্মী হলেই যে সব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হবে তা নয়।
"তাছাড়া মামলা প্রত্যাহারের দায়িত্ব সরকার বা রাষ্ট্রের নয়। সরকার কেবল আদালতের কাছে সুপারিশ করতে পারে। মামলার কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর কমিটির দায়িত্ব হচ্ছে, প্রকৃত তথ্য দিয়ে সরকারের কাছে সুপারিশ করা।"
বিএনপি-জামায়াত জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সাত বছরে দায়ের করা মিথ্যা মামলার বিবরণ চেয়ে গত বছরের ১৬ নভেম্বর দলের জেলা কমিটিগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছিলো- এ কথা জানিয়ে খসরু বলেন, এর প্রেক্ষিতে সারা দেশ থেকে এখন পর্যন্ত প্রায় চার'শ আবেদন জমা পড়েছে।
বৈঠকে মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ৫ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়। আবদুল মতিন খসরুকে আহ্বায়ক এবং আফজাল হোসেনকে সদস্য সচিব করে গঠিত এ উপ-কমিটির অন্য সদস্যরা হলেন মৃণাল কান্তি দাস, সানজিদা খানম ও নুরুল ইসলাম সুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১২৭ ঘ.
bdnews24