ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা শুরু হয়েছে। ৩৮৬ সদস্যের এ কমিটির এটি দ্বিতীয় সভা।
শনিবার সকাল সাড়ে ১০টায় গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চে) দিনব্যাপী এ সভা শুরু হয়।
উদ্বোধনী পর্বে খালেদা জিয়া বক্তব্য রাখবেন। এরপর হবে রুদ্ধদ্বার বৈঠক। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর এটাই প্রথম সভা। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাহী কমিটির সভায় সাংগঠনিক কার্যক্রমসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।"
২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম কাউন্সিল অধিবেশনে জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়। ২০১০ সালের ৩১ জুলাই প্রথম সভা করে এ কমিটি।
নির্বাহী কমিটির এ সভায় স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং ৭৪টি জেলা সভাপতিরাও যোগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৩৬ ঘ.
bdnews24