রাঙামাটি, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পার্বত্য চট্টগ্রাম থেকে জুম্ম জনগণের অস্তিত্ব বিলীন করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই সম্প্রতি রামগড়, বাঘাইহাট, লংগদুতে হামলা ও হত্যার ঘটনা ঘটছে।
শুক্রবার রাঙামাটি আউটার স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির একাদশ কেন্দ্রীয় সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে জনসংহতি সমিতির এই নেতা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২৮ মাস অতিবাহিত হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
"সরকার সহজে এই চুক্তি বাস্তবায়ন করবে না। এ জন্য জুম্ম জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।"
পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণারও দাবি জানান সন্তু লারমা।
খাগড়াছড়ির রামগড়ে রোববার পাহাড়ি ও বাঙালি বসতিস্থাপনকারীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়। এছাড়া বাঘাইহাট, লংগদুসহ পার্বত্য জেলাগুলোর বিভিন্ন স্থানে হামলা ও খুনের বেশ কিছু ঘটনা ঘটে গত কয়েক মাসে।
'আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং পার্বত্য নারীর অধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন জোরদার করুন' স্লোগানকে সামনে রেখে এই সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জ্যোতিপ্রভা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, এমএন লারমা ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, সমাজকর্মী নীলিমা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী জোনাকী চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ সভাপতি বাবলু চাকমা, নারী নেত্রী কল্পনা চাকমা, অশ্বিনী কুমার দেওয়ান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮৫৮ ঘ.
bdnews24