ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়- সে জন্যই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সংবিধান সংশোধন নিয়ে সংলাপে বসতে চাইছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, "জিয়াউর রহমান মার্শাল ল' জারি করে ক্ষমতায় এসে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছিলেন। এখন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সংবিধান সংশোধন করা হচ্ছে।"
সংবিধান সংশোধন নিয়ে আলোচনার আমন্ত্রণ জানিয়ে বুধবার এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার কাছে চিঠি পাঠানো হয়। এতে রোববার সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে আলোচনার সময় দেওয়া হয়েছে।
বিএনপি এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না জানালেও বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ওই চিঠি নিছকই 'আইওয়াশ'।
দেশে কোনো সংবিধান নেই- খালেদা জিয়ার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসিম বলেন, "আপনি তো সংবিধান দেখতেই পাবেন না। আপনার স্বামী মার্শল ল' জারি করে ক্ষমতায় এসেছিলো।"
খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাইছেন- এ অভিযোগ করে তিনি বলেন, চার দলীয় জোটের লুটপাট-দুর্নীতির কারণেই ১/১১ সৃষ্টি হয়েছিল।
জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা বিতর্ক বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বঙ্গবন্ধু তাকে বীরবিক্রম উপাধি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি রাজাকারকে প্রধানমন্ত্রী করেছিলেন। তারাই যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেন।"
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, "আপনার স্বামীর মতো আপনিও যুদ্ধাপরাধীদের রক্ষায় প্রকাশ্য অবস্থান নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।"
ফজলুল হক আমিনী পত্রিকার শিরোনাম হওয়ার জন্য নারী উন্নয়ন নীতি নিয়ে আন্দোলন করছেন বলে দাবি করেন নাসিম।
'ধর্মের অপব্যাখ্যা ও দেশবাসীর সচেতনতা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা।
সংগঠনের আহ্বায়ক হুমায়ন কবীর মিজির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ গোলাম মওলা রনি, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বীর বিক্রম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা আখতারুজ্জামান খোকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/এএল/১৬২২ ঘ.
bdnews24