২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দস্তগীর চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা দস্তগীর চৌধুরীকে সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা দস্তগীর চৌধুরীকে সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আছরের নামাজের পর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে জানাজা শেষে চৈতন্য গলির বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। বিএনপি ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন। জানাজার আগে পুলিশের একটি চৌকশ দল মুক্তিযোদ্ধা দস্তগীর চৌধুরীকে গার্ড অব অনার দেয়। এর আগে কদমতলীর বাসা থেকে দস্তগীর চৌধুরীর মরদেহ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এবং নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের সাংসদ শামসুল হক চৌধুরী ও আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, জামায়াতের সাংসদ শামসুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজুদ্দিন মো. আলমগীরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দস্তগীর চৌধুরীর জানাজায় অংশ নেন। সিসিরি সাবেক ডেপুটি মেয়র ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরী রোববার সকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিএনপিতে যোগ দেওয়ার আগে জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এই নেতা। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২০২১ ঘ.