ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন মনে করে, বিদ্যমান সংস্কৃতি অব্যাহত থাকলে ১০ম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।
সোমবার এক অনুষ্ঠানে প্রকাশিত নির্বাচন কমিশনের (ইসি) পঞ্চ ও দ্বিবার্ষিক কৌশলগত পরিকল্পনায় এ কথা বলা হয়েছে।
ইসির কৌশলপত্রে বলা হয়, পুরো নির্বাচন প্রক্রিয়া চলাকালীন দেশে সংঘর্ষপ্রবণ রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন ধরনের প্রকাশ ঘটে। পেশি শক্তি ও টাকায় মাঠের চরিত্র নষ্ট হয়, ভোট কেনাবেচা, সংখ্যালঘুদের ভয়ভীতি ও প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা ঘটে। বেআইনি এ কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করে।
'রাজনৈতিক সংস্কৃতির আরেকটি দিক হলো নির্বাচনী প্রক্রিয়ার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। হেরে গেলেই কারচুপি-প্রতারণার অভিযোগ করা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক বিকাশের অন্তরায়।"
এতে বলা হয়, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি অব্যাহত থাকলে তার একটি বড় ধরনের পরিণতি হিসেবে পরবর্তী নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। আর যদি তা হয় একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ২০১১-১৬ পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনা ও দ্বিবার্ষিক কর্মপরিকল্পনার ধারণাপত্র উপস্থাপন করেন।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও গণতান্ত্রিক সংস্কৃতিসহ পাঁচটি লক্ষ্যকে স্থায়ী রূপ দিতে আগামী ইসির জন্য এ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। কোনো চাপিয়ে দেওয়া কৌশলপত্র নয়, বরং বর্তমান কমিশনের নিজস্ব ধ্যান-ধারণা, চিন্তা থেকে তা প্রণয়ণ করা হয়েছে।
"এ কৌশলপত্র নিয়ে খুব শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবো আমরা। তা চূড়ান্ত করে সরকারের কাছেও তা উপস্থাপন করা হবে।"
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি আয়োজন করে নির্বাচন কমিশন।
'তত্ত্বাবধায়ক আমলে বিকল্প মোকাবেলা ব্যবস্থা'
কৌশলপত্রে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপযোগিতা ও ভূমিকা এবং এ সরকারের গঠন নিয়ে একটি প্রকাশ্য বিতর্ক রয়েছে।
নির্বাচনের সময় তত্ত্বাধায়ক সরকার তখনকার পটভূমি তৈরি করে ও রাজনৈতিক আবহ সৃষ্টি করে- এ কথা উল্লেক করে এতে বলা হয়, তাই নির্বাচন অনুষ্ঠানের প্রাক্কালে সম্ভাব্য সব রকম পরিস্থিতি মোকাবেলার জন্য ইসির বিভিন্ন বিকল্প 'মোকাবেলা ব্যবস্থা' থাকতে হবে।
অনুষ্ঠানে সাবেক সিইসি আবু হেনা বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা বাস্তবায়নের পথে রাজনৈতিক দলগুলোর কাছ থেকেই বড় বাধা এসেছে। সে বাধা অতিক্রম করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফান প্রিজনার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০০৪ ঘ.
bdnews24