২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সমস্যার সমাধান দাবিতে বিএনপির স্মারকলিপি

গ্যাস সঙ্কটের অবসানের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 09:11 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সঙ্কটের অবসানের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করেছে বিএনপি। সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার জেলা প্রশাসক মহিবুল হকের কাছে স্মারকলিপি দেয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন, ধামরাই উপজেলা চেয়ারম্যান তমিজউদ্দিন, সাভার বিএনপির আহবায়ক হাজী কফিল উদ্দিন, সাভার পৌর মেয়র রেফায়েত উল্লাহ, নবাবগঞ্জের উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশরাফ ওই সময় উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনদুর্ভোগ লাঘবে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ।" জনগণের সমস্যা সমাধানের অংশ হিসেবে বিএনপির ডাকা ৫ দিনের কর্মসূচির প্রথম দিনে বিভাগ ও জেলা সদরে সমাবেশ-মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিকালে মুক্তাঙ্গনে বিএনপির জনসভা হওয়ার কথা রয়েছে। দলের অন্য কর্মসূচি হচ্ছে- বিদ্যুৎ সমস্যার সমাধান দাবিতে ২৪ এপ্রিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৬ এপ্রিল ও পুঁজিবাজারে কারসাজির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ৫ মে দেশব্যাপী সমাবেশ-মিছিল ও স্মারকলিপি পেশ। এছাড়া মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৯ মে ঢাকাসহ সারাদেশে সমাবেশ-মিছিল করবে বিরোধী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪৬ ঘ.