ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি আমন্ত্রণ জানালেও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাতে সাড়া দেবেন না বলে জানিয়েছেন বিএনপির এক শীর্ষ নেতা।
দলটির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার শনিবার বলেছেন, আমরা শুনেছি-প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর বিশেষ কমিটির সঙ্গে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার মতামত নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তাদের ডাকে খালেদা জিয়ার যাওয়ার প্রশ্নই আসে না।
"সংবিধান সংশোধনের প্রয়োজন থাকতে পারে। এর জন্য খোলা মনে জনগণকে যুক্ত করুন। সংবিধান বিশেষজ্ঞদের যুক্ত করুন।"
ওই বিশেষ কমিটিকে 'অবৈধ' দাবি করে সংবিধান সংশোধন হবে কি না তা গণভোটে দেওয়ার দাবিও জানান আনোয়ার।
জাতীয় প্রেসক্লাবে 'অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা" শিরোনামের এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বিএনপি'র এ জ্যেষ্ঠ নেতা। আলোচনার আয়োজন করে নাগরিক ফোরাম নামে একটি সংগঠন।
শনিবার বিশেষ কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবিধান সংশোধনে বিরোধীদলীয় নেতা, আইনজ্ঞ ও বিশিষ্টজনের মতামত নিতে চলতি মাসে বৈঠকে বসবে বিশেষ কমিটি।
বর্তমান ১৫ সদস্যের কমিটিতে বিএনপি'র একজন সদস্য আহ্বান করা হলেও কোনো সাড়া মেলেনি বিরোধী দলের পক্ষ থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২১৫৪ ঘ.
bdnews24