২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী-মুজাহিদের 'জীবন নিয়ে শঙ্কিত' জামায়াত

নিজামী-মুজাহিদকে জিজ্ঞাসাবাদের স্থান বদলানোয় তাদের 'জীবনহানির আশঙ্কা' প্রকাশ করেছে জামায়াতে ইসলামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজামী-মুজাহিদকে জিজ্ঞাসাবাদের স্থান বদলানোয় তাদের 'জীবনহানির আশঙ্কা' প্রকাশ করেছে জামায়াতে ইসলামি। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের পরিবর্তে ধানমণ্ডির একটি বাড়িতে অধিকতর জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে ট্রাইবুনাল। "বাড়িটির নাম সেফ হোম বলা হলেও প্রকৃত অর্থে এটি একটি টর্চার সেল হবে।" গত ৫ এপ্রিল ট্রাইবুনালের এক আদেশে তাদের কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত হয়- এ কথা উল্লেখ করে আজহারুল বলেন, কী কারণে আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে তা বোধগম্য নয় এবং পুরো ব্যাপারটি রহস্যজনক। এ জন্য নেতাদের নিরাপত্তা নিয়ে আমরা দারুণভাবে উদ্বিগ্ন। আমরা তাদের 'জীবনহানির আশঙ্কা' করছি। "নিজামী ও মুজাহিদের কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তাই ষড়যন্ত্র ও নির্যাতনের পথ পরিহার করে জামায়াতের নিরপরাধ এই দুই শীর্ষ নেতাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।" যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন আজহারুল। এ ছাড়া নিজামী-মুজাহিদের রিমান্ড বাতিল ও দলের সব নেতার মুক্তির দাবিতে আগামী ১৮ এপ্রিল সারাদেশে বিক্ষোভ সমাবেশে পালন করা হবে বলে ঘোষণা দেন তিনি। ইতোমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামির পাঁচজন এবং বিএনপির দুইজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, প্রচার সম্পাদক সেক্রেটারি তাসনীম আলম, ঢাকা মহানগরীর আমীর রফিকুল ইসলাম খান, সেক্রেটারি হামিদুর রহমান আজাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৮২৯ ঘ.