২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোটা দেশ আজ 'কারাগার': ফখরুল

গোটা দেশ আজ 'কারাগারে' পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোটা দেশ আজ 'কারাগারে' পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ঢাকায় এক আলোচনা সভায় তিনি জনগণকে গণতন্ত্র 'পুনরুদ্ধার আন্দোলনের' প্রস্তুতি নেওয়ারও আহবান জানান। বর্তমান পরিস্থিতিকে 'দুঃসময়' অভিহিত করে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "৪০ বছরেও বাংলাদেশে আমরা গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতে পারছি না। গণতন্ত্র বন্দি হয়ে আছে। আজ আমাদের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সবকিছুই কারাগারে বন্দি হয়ে আছে। "তাই নববর্ষে আমাদের শপথ হোক- একদলীয় স্বৈরশাসন থেকে অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পাক।'' মির্জা ফখরুল দেশবাসীকে দলের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি নয়, সরকারই দেশকে প্রতিবেশী দেশের করদ রাজ্য বানানোর ষড়যন্ত্র করছে। তারা দেশের স্বাধীনতা ও জনগণের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে বলে বিএনপি তার বিরোধিতা করছে। সরকার আজ একে 'ষড়যন্ত্র' বলছে। এটা বলে সরকার জনগণকে রুখতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। কৃষিমন্ত্রী বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অভিযোগ করেন যে, সরকারের বিরুদ্ধে বিএনপি 'ষড়যন্ত্র' করছে । তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ,বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। পরে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ঘ.