২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: বিরোধ নিষ্পত্তিতে ১২ জেলায় ট্রাইব্যুনাল

ঊপকূলীয় ১২ জেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊপকূলীয় ১২ জেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ/সহকারী জজের সমন্বয়ে এ নির্বাচনী ট্রাইব্যুনাল করা হয়েছে বলে জানান ইসি সচিবালয়ের উপ-সচিব (আইন শাখা) হেলাল চৌধুরী। রোববার থেকে তা কার্যকর হবে বলে জানান এই কর্মকর্তা। জেলাগুলো হচ্ছে- বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসির চাহিদা অনুযায়ী নির্বাচনী ট্রাইব্যুনালের জন্য প্রয়োজনীয় বিচারিক কর্মকর্তা দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার তা গেজেট আকারে প্রকাশের পর সংক্ষুব্ধরা বিরোধ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সংস্থাপন মন্ত্রণালয়ের তালিকা পাওয়ার পর আগামী সপ্তাহে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রের সমন্বয়ে এসব জেলায় নির্বাচনী আপিল ট্রাইব্যুনালও গঠন করা হবে বলে জানান ইসির এ উপ-সচিব । গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় এই ১২ জেলার ৭২ উপজেলায় ৫৫৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। হেলাল চৌধুরী বলেন, "ইউপি নির্বাচন নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে আপত্তি উত্থাপন করা যাবে না। নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের নাম গেজেট আকারে প্রকাশের পর ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থীদের ট্রাইব্যুনালে মামলা করতে হবে।" দরখাস্ত দাখিলের পর ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে এ ট্রাইব্যুনাল । নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী ৩০ দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ পাবেন। আপিল আবেদনের ১২০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করাও বাধ্যতামূলক। আপিল ট্রাইব্যুনালের রায়ই চূড়ান্ত বলে গণ্য হবে। ইসি কর্মকর্তারা জানান, প্রথম দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ফলাফলের গেজেট গত ৩ এপ্রিল থেকে প্রকাশ শুরু হয়েছে। ইসি'র অনুমোদন সাপেক্ষে পুরো ফলাফলের গেজেট প্রকাশ আগামী সপ্তাহেই সম্পন্ন হতে পারে। দ্বিতীয় পর্বে দেশের মেয়াদোত্তীর্ণ সাড়ে তিন হাজারেরও বেশি ইউপি'র নির্বাচন মে-জুনে করার কথা ইতোমধ্যে জানিয়েছে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮২৯ ঘ.