ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ পরিচালনায় সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে মধ্যবর্তী নির্বাচন চেয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ গোলটেবিল বৈঠকে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে আওয়ামী লীগ। তাদের উদ্দেশ্য দেশকে রক্ষা করা নয়। এটি ঐতিহ্যগতভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করার একটি ষড়যন্ত্র।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে আওয়ামী লীগ। তাদের উদ্দেশ্য দেশকে রক্ষা করা নয়। এটি ঐতিহ্যগতভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করার একটি ষড়যন্ত্র।
'তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের ষড়যন্ত্র বাস্তবতা ও করণীয়' শিরোনামের এ গোলটেবিল বৈঠক আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে বিচার বিভাগকে দলীয়করণ করা হচ্ছে। আদালতকে দিয়ে তারা একের পর এক উদ্দেশ্য হাসিল করে নিচ্ছেন।
সংবিধান সংশোধন প্রসঙ্গে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সর্বদলীয় মতামতের ভিত্তিতে সংশোধনের পথে এগুতে হবে। না হলে আমরা সেটা মেনে নেব না।
বৈঠকে যুবদলের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির অর্র্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মেজর অব. মেহেবুব কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৬৪৪ ঘ.
bdnews24