সিরাজগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, নারীর মর্যাদা রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপ বানচালের চেষ্টা করছে একটি মহল। তাদের ইন্ধন দিচ্ছে বিএনপি-জামায়াত।
শনিবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী। পবিত্র ইসলামে নারীকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। এদেশের অবহেলিত নারীদের মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে।
কিন্তু একটি মহল সরকারের গৃহীত নারীর মর্যাদা রক্ষার পদক্ষেপকে ভূলুন্ঠিত করার পাঁয়তারা করছে- এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট তাদের ইন্ধন দিয়ে হরতাল-আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।
এর আগে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জের সয়দাবাদের চর পঞ্চসোনায় ১৫০ মেগাওয়াট ক্ষমতার পিকিং পাওয়ার প্ল্যান্টের ভিত্তিস্থাপন করেন। আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জাতীয় জুট মিল, যার আগের নাম ছিলো কওমী জুট মিল।
গত ৭ মার্চ জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ অনুমোদন করে মন্ত্রিসভা। এর পরদিন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সারাদেশে ৪ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী।
এ হরতালে সমর্থন বিষয়ে হরতালের আগ পর্যন্ত প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়নি বিএনপি-জামায়াত।
হরতালের দিন আওয়ামীল লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দাবি করেন, কৌশলে আমিনীকে 'প্রক্সি' হিসাবে ব্যবহার করে হরতাল পালন করেছে বিএনপি-জামায়াত।
এর পরদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হরতালে শুধু বিএনপি নয়, পুরো দেশের মানুষের সমর্থন ছিলো।
শনিবারের সমাবেশে খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, নারী উন্নয়নের বিষয়টি নাকি সংবিধানে নেই- এ কথা বলে তিনি (খালেদা জিয়া) জাতিকে বোকা বানানোর চেষ্টা করছেন। দেশের নারীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করবেন না।
"সংবিধানের দোহাই দিয়ে আপনি [খালেদা জিয়া] নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। অথচ আপনার স্বামী সংবিধান হত্যা করে মার্শাল-ল-দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করেছিল।
"তখন আপনাদের সংবিধান প্রীতি কোথায় ছিল?"
শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, একটি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলো বিদ্যুৎ। অথচ বিএনপি-জামায়াত জোট বিদ্যুৎ সংকট নিরসনে কোনো উদ্যোগ না নিয়ে দেশকে অনেক পিছিয়ে রেখে গেছে।
খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ক্যান্টমেন্টের সরকারি বাড়ি ছাড়ার সময় খালেদা জিয়া কেঁদেছিলেন। অথচ আদমজী ও সিরাজগঞ্জের কওমী জুটমিলসহ বিভিন্ন শিল্পকারখানা বন্ধ করার পর লাখ লাখ শ্রমিকরা যখন মানবতার জীবনযাপন করছিল তখন খালেদা জিয়ার চোখে পানি আসেনি।
সিরাজগঞ্জবাসীর দাবীর প্রেক্ষিতে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ, ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে যমুনার নদীভাঙন রোধ, প্রতিটি উপজেলায় ৫০ বেডের হাসপাতাল নির্মাণ ও সিরাজগঞ্জ সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ, শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ কাজ শুরু, শিল্পপার্ক নির্মাণ, তাঁতশিল্পের সমৃদ্ধির জন্য অর্থতৈকি অঞ্চল, বাঘাবাড়ী মিল্কভিটার আদলে আরেকটি আধুনিক মিল্কভিটা স্থাপন, ভেটেরেনারি কলেজ স্থাপন, মৎস্য চাষের উন্নীতকল্পে মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপন, রায়পুর জংশন স্থাপন করে আন্তঃনগর ট্রেন যোগাযোগ চালু, প্রতিটি উপজেলা ফায়ার বিগ্রেড ষ্টেশন চালু, কারিগরী প্রশিক্ষন, জুডিশিয়াল বিল্ডিং নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ।
সমাবেশে আরও বক্তব্য দেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক, প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটিইমাম, মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রমুখ।
সমাবেশ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে হেলিকপ্টারে সিরাজগঞ্জ ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৩৯ ঘ.
bdnews24