সিরাজগঞ্জ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কওমী জুটমিল পুনরায় চালু ও সয়দাবাদ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ উদ্বোধন করতে আগামী শনিবার সিরাজগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে জানানো হয়, এই সফরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সয়দাবাদে ১৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এবং ২০০৭ সালে বন্ধ হয়ে যাওয়া কওমী জুট মিলের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বিকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ তালুকদার, বাংলাদেশ মেডিকেল রিসোর্স সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, নারী নেত্রী ও সোনালী ব্যাংকের পরিচালক জান্নাত আরা হেনরী প্রমুখ।
হেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/২২৪৩ ঘ.
bdnews24